সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি জামায়াতের

ঢাকা: কুরআন ও সুন্নাহবিরোধী দাবি করে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেছেন, বিএনপি নির্বাচনের আগে কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে সংসদে এমন আইন পাস করেছে। সোমবার (৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা […] The post সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি জামায়াতের first appeared on Sarabangla | Breaking News | Sport

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি জামায়াতের
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: কুরআন ও সুন্নাহবিরোধী দাবি করে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা অভিযোগ করেছেন, বিএনপি নির্বাচনের আগে কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে সংসদে এমন আইন পাস করেছে।

সোমবার (৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে বিএনপি কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে।

তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে এ ধরনের আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। কুরআন-সুন্নাহবিরোধী আইন পাস করে সরকার যে দুঃসাহস দেখিয়েছে, তার ‘করুণ পরিণতি’ সরকারকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার ইসলামের বিধান নিয়ে সংসদে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তুলে আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন, জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন প্রত্যাহারের দাবি জানান তিনি।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইন পাস করা হয়েছে, যেগুলোকে তিনি ‘গণবিরোধী ও কালো আইন’ হিসেবে উল্লেখ করেন। এসব আইন দ্রুত বাতিলের দাবি জানান তিনি।

ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিরোধী দলের সঙ্গে আলোচনা না করেই সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাস করা হয়েছে। সংসদে আইনমন্ত্রীর বক্তব্যের পর তাঁর আইনমন্ত্রী থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, কুরআন ও সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার করতে হবে। ইসলামের উত্তরাধিকার আইন বাস্তবায়ন ও নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী প্রজন্মকে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলা সম্ভব বলেও দাবি করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের ড. রেজাউল করিম, মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় অতিক্রম করে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

The post সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন বাতিলের দাবি জামায়াতের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.