চুয়েটে চট্টগ্রাম ওয়াসার পানি সংযোগ প্রক্রিয়ার সম্ভাব্য স্থান পরিদর্শন
পোমরা শোধনাগার থেকে সংযোগ পাবে চুয়েট, দূর হবে দীর্ঘদিনের পানি সংকট
- চট্টগ্রাম ওয়াসার পানি সংযোগ প্রদানের লক্ষ্যে চুয়েটে সম্ভাব্য স্থান পরিদর্শন
- ওয়াসা ও চুয়েট কর্তৃপক্ষের মধ্যে কার্যালয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত
- রাঙ্গুনিয়ার পোমরা পানি শোধনাগার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিলবে সংযোগ
৩ আগস্ট, সোমবার: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চট্টগ্রাম ওয়াসার পানি সংযোগ লাইন প্রদানের প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ ৩ আগস্ট, সোমবার চুয়েটে পানি সংযোগ প্রদানের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং চট্টগ্রাম ওয়াসার প্রতিনিধি দল।
এর আগে উপাচার্য মহোদয়ের কার্যালয়ে চুয়েট ও চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, চুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন আসিফ, প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী (পুর) মুহাম্মদ ফেরদৌসুল কবির, চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগারের নির্বাহী প্রকৌশলী সজীব বড়ুয়া এবং কর্ণফুলি পানি শোধনাগার-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুক।
প্রসঙ্গক্রমে, চুয়েটের নিকটবর্তী রাঙ্গুনিয়া উপজেলার পোমরাস্থ চট্টগ্রাম ওয়াসার পানি শোধনাগার থেকে এই সংযোগ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওয়াসার এই সংযোগ চালু হলে ক্যাম্পাসের দীর্ঘদিনের পানীয় জল সংকটের একটি টেকসই সমাধান হবে বলে আশা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় পরিবার। চুয়েটে সুপেয় পানি সংযোগের জন্য শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ও প্রচেষ্টা ছিল, যা বাস্তবায়নে চুয়েট ও চট্টগ্রাম ওয়াসা যৌথভাবে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
//ডিবিটেক/ আইইএম/এসএমই//





