স্বতন্ত্র এমএফএস আইন প্রণয়নে বাংলাদেশ ব্যাংক ও অর্থ সচিবসহ বিবাদীদের রুল জারি

এমএফএসের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্ট

  • বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ নিয়ে জনস্বার্থে রিট
  • চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হাইকোর্টের নির্দেশ
  • দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী সেবা নিশ্চিত করার তাগিদ

এমএফএসের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্ট
২৬ জুলাই, ২০২৬ ১২:৫৭  

গ্রাহকদের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এমএফএস সেবায় ভোক্তা সুরক্ষা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কেন একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

২৬ জুলাই, রোববার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে তিনি নিজেই এই রিটটি দায়ের করেন। রুলে বিশেষ করে দেশের দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী এমএফএস সার্ভিস চার্জ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
//ডিবিটেক/টিবিজে//ইডিপি//