সীমান্ত পেরোনো ভালোবাসার গল্পে নতুন অধ্যায়
বাংলাদেশি যুবককে বিয়ে পাকিস্তানি ভ্লগারের
- পাকিস্তানি ভ্লগার রুবিনা মারুফের বাংলাদেশি যুবকের সঙ্গে নিকাহ
- ভেরিফায়েড ফেসবুক পোস্টে সুখবর ও আবেগঘন বার্তা
- জন্মসূত্রে বাংলাদেশি পরিবারের মেয়ে রুবিনার সীমান্তপেরোনো ভালোবাসা আলোচনায়
বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন পাকিস্তানি নারী ভ্লগার রুবিনা মারুফ। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন এক পোস্টে তিনি বিয়ের খবর প্রকাশ করেন। সীমান্ত পেরিয়ে গড়ে ওঠা এই সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফেসবুক পোস্টে রুবিনা লিখেছেন, জীবনের পথচলায় বিশ্বাস ধরে রাখা সব সময় সহজ ছিল না। তবে নিয়তি তাকে যে পথে নিয়ে গেছে, সেটিই শেষ পর্যন্ত তাকে সুখ এনে দিয়েছে। নিকাহর দিন বাবা-মায়ের মুখে গর্ব ও আনন্দের হাসি দেখে তার সব সংশয় দূর হয়ে যায়।
তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এই নতুন শুরুর জন্য। সীমান্ত পেরিয়ে আসা এই ভালোবাসার জন্য। আর আমার বাংলাদেশি জীবনসঙ্গীকে বিয়ে করার সৌভাগ্যের জন্য। আজ আমার হৃদয় পরিপূর্ণ, বাবা-মা আনন্দিত, আর সারাজীবনের এই নতুন পথচলা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।”
রুবিনার পারিবারিক ইতিহাসও দুই দেশের সঙ্গে গভীরভাবে জড়িত। জন্মসূত্রে তিনি বাংলাদেশি পরিবারের সন্তান। তার বাবা ১৯৬৮ সালে যশোর ছেড়ে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান। সেখানেই তিনি সংসার গড়ে তোলেন। রুবিনা তিন বোন ও এক ভাইয়ের মধ্যে একজন। তবে ২২ বছর বয়সে ভাইয়ের মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে বিভিন্ন সময়ে তিনি উল্লেখ করেছেন।
বর্তমানে রুবিনা করপোরেট খাতে কর্মরত। পাশাপাশি ভ্লগিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় তিনি। ভ্রমণ, সংস্কৃতি ও ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি করা কনটেন্টের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের দর্শকদের মধ্যেও তিনি পরিচিত মুখ।
বাংলাদেশি যুবকের সঙ্গে তার এই বিয়ে দুই দেশের মানুষের মধ্যে আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক ও ব্যক্তিগত বন্ধনের এক নতুন উদাহরণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
//ডিবিটেক/ এসএমও/এনএএম//





