কৃষিপণ্য সংরক্ষণে প্রযুক্তির প্রশংসা, সহযোগিতার আগ্রহ
মিনি কোল্ড স্টোরেজে মুগ্ধ ইউএসডিএ
- সাভারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ পরিদর্শন ইউএসডিএ প্রতিনিধিদলের
- কৃষিপণ্য অপচয় কমাতে প্রযুক্তির কার্যকারিতার প্রশংসা
- বাংলাদেশে সংরক্ষণ প্রযুক্তিতে সহযোগিতার আগ্রহ যুক্তরাষ্ট্রের
কৃষিপণ্যের অপচয় কমাতে প্রযুক্তিনির্ভর সংরক্ষণ ব্যবস্থার কার্যকারিতা দেখতে ঢাকার অদূরে সাভারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) একটি প্রতিনিধিদল। আধুনিক সংরক্ষণ প্রযুক্তি দেখে সন্তোষ প্রকাশের পাশাপাশি এ খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও জানিয়েছে তারা।
২৮ জুলাই, মঙ্গলবার পরিদর্শন শেষে প্রতিনিধিদল জানায়, কৃষক পর্যায়ে স্বল্প পরিসরের আধুনিক কোল্ড স্টোরেজ কৃষিপণ্যের অপচয় কমানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিনিধিদলে ছিলেন ইউএসডিএর দক্ষিণ এশিয়ার অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইনস্পেকশন সার্ভিসেসের পরিচালক ড. ক্যাথরিন ফিডলার, ঢাকায় মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট এবং ইউএসডিএর এগ্রিকালচারাল স্পেশালিস্ট মো. তানভির আহমেদ।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিদলকে জানান, মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষিত অধিকাংশ ফল ও সবজি এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সতেজ রাখা সম্ভব। সংরক্ষণের পরও পণ্যের রং, গুণগত মান ও সতেজতা প্রায় অপরিবর্তিত থাকায় প্রতিনিধিরা প্রযুক্তিটির কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুর বলেন, দেশে প্রতি বছর উৎপাদিত বিপুল পরিমাণ ফল ও সবজি দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েন। মিনি কোল্ড স্টোরেজ প্রযুক্তি সেই অপচয় কমিয়ে কৃষকদের সুবিধাজনক সময়ে পণ্য বাজারজাত করার সুযোগ তৈরি করছে, ফলে তারা ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনাও বাড়ছে।
তিনি আরও জানান, প্রতিনিধিদলকে সংরক্ষণ প্রযুক্তি, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কৃষকের চাহিদাভিত্তিক পরিচালনা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়েছে। এ ধরনের প্রযুক্তির সম্প্রসারণে ইউএসডিএ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ১৪৭টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে, যা কৃষিপণ্য সংরক্ষণে প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
//ডিবিটেক/ জেএনও/ এসএমই//





