শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণ ও ডিজিটাল শিক্ষা সম্প্রসারণের নির্দেশনা
প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর
- শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে জোর
- শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণের নির্দেশ
- মানসম্মত শিক্ষা নিশ্চিতে সমন্বিত সংস্কার ও জবাবদিহিতা বাড়ানোর তাগিদ
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ নিশ্চিত করা এবং শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষা সচিব আবদুল খালেক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পর্যালোচনা সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রযুক্তিনির্ভর শিক্ষায় অগ্রাধিকার
সভায় বিশেষভাবে গুরুত্ব পায় প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, কার্যকর পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ এবং প্রশাসনিক জবাবদিহিতা শক্তিশালী করার বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রযুক্তিসমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল শিক্ষাসামগ্রী এবং প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে হবে।
তিনি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করার পাশাপাশি প্রযুক্তিভিত্তিক শিক্ষাদান পদ্ধতি বিস্তারে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
মানসম্মত শিক্ষা নিশ্চিতের অঙ্গীকার
বৈঠক সূত্রে প্রকাশ, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে সমন্বিত সংস্কার, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।
মাঠপর্যায়ের অভিজ্ঞতায় গুরুত্ব
সভায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী শিক্ষা কর্মকর্তারা শিক্ষাক্ষেত্রের বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণ ও বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
পেশাদারিত্বের আহ্বান
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল লার্নিং, স্মার্ট ক্লাসরুম এবং দক্ষতাভিত্তিক শিক্ষার বৈশ্বিক প্রবণতার প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ ও শিক্ষকদের ধারাবাহিক প্রশিক্ষণের ওপর সরকারের এই গুরুত্ব ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
//ডিবিটেক/ এসএমআই/এনএএম//





