নতুন আইফোন ডুও’র হিঞ্জ ত্রুটি ও ইনার ডিসপ্লে নষ্ট হওয়ার অভিযোগ

নতুন আইফোন ডুও’র হিঞ্জ ত্রুটি ও ইনার ডিসপ্লে নষ্ট হওয়ার অভিযোগ
২৬ অক্টোবর, ২০২৬ ১৩:৫৫  

অ্যাপলের বহুল প্রতীক্ষিত প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) ডিভাইস ‘আইফোন ডুও’ আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পরপরই বড় ধরনের হার্ডওয়্যার ত্রুটির খবর সামনে এসেছে। বিশ্বজুড়ে ক্রেতাদের হাতে ডিভাইসটি পৌঁছানোর পরই এর স্ক্রিন ও ভাঁজ করার মেকানিজম নিয়ে একের পর এক অভিযোগ উঠছে।

সোশ্যাল মিডিয়া ও জনপ্রিয় অনলাইন ফোরাম ‘রেডিট’-এ ছবি ও ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, ফোনটি ব্যবহার শুরুর কয়েক দিন- এমনকি কয়েক ঘণ্টার মধ্যেই এর হিঞ্জ বা ভাঁজ করার অংশে অস্বাভাবিক শক্ত ভাব অনুভূত হচ্ছে। পরবর্তীতে বেশি বল প্রয়োগ করে স্ক্রিনটি পুরোপুরি খুলতে গেলে হিঞ্জ থেকে এক ধরনের কটকট শব্দ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ভেতরের ফোল্ডেবল ডিসপ্লেটিতে স্থায়ীভাবে রঙিন দাগ ফুটে উঠে পিক্সেল নষ্ট হয়ে যাচ্ছে।

সমস্যার কারণ ও ব্যাপ্তি
গ্রাহকদের পোস্ট করা ছবি ও তথ্যে ত্রুটির একটি নির্দিষ্ট প্যাটার্ন বা ধরন দেখা গেছে- স্ক্রিনের ঠিক মাঝখান দিয়ে একটি খাড়া দাগ এবং তার ডান পাশে সমান্তরাল রেখা তৈরি হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষক ও ভুক্তভোগী ক্রেতাদের ধারণা, ডিভাইসের হিঞ্জের ভেতরের যান্ত্রিক ত্রুটি (মেকানিক্যাল প্রবলেম) বা দুর্বল মেকানিজমের কারণে ফোল্ডেবল স্ক্রিনের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, যার ফলে ইনার ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রযুক্তি রিভিউয়ারদের কাছে পাঠানো প্রারম্ভিক সেটে এই সমস্যা না থাকলেও, বাণিজ্যিক উৎপাদনের একটি নির্দিষ্ট ব্যাচে এই বড় ধরনের ত্রুটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রিপ্লেসমেন্ট সংকট ও অ্যাপলের অবস্থান
ভুক্তভোগী গ্রাহকেরা সরাসরি অ্যাপল সাপোর্ট কিংবা সংশ্লিষ্ট মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে যোগাযোগ করলে ক্ষতিগ্রস্ত হ্যান্ডসেটগুলো পরিবর্তন (রিপ্লেসমেন্ট) করে দেওয়ার আশ্বাস দিচ্ছে অ্যাপল।

তবে বিশ্বজুড়ে নতুন এই ফোল্ডেবল আইফোনের আকাশচুম্বী চাহিদা এবং সরবরাহের ঘাটতির কারণে, বিশেষ করে উচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্ট যেমন ১টিবি ও ২টিবি মডেলগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক রিপ্লেসমেন্ট পেতে গ্রাহকদের বেশ বেগ পেতে হচ্ছে। 

যেসব ডিভাইসে এই সমস্যা দেখা দিচ্ছে, সেগুলোর মালিকদের বিলম্ব না করে দ্রুত অ্যাপল কেয়ারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: জিএসএম এরিনা