দ্বিতীয় প্রান্তিকে মুনাফা ২৬২.৯ কোটি, বেড়েছে ডেটা ও ফোরজি গ্রাহক

মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি, শক্ত অবস্থানে রবি

  • দ্বিতীয় প্রান্তিকে রবির কর-পরবর্তী মুনাফা ২৬২.৯ কোটি টাকা
  • ১২ লাখ নতুন গ্রাহক যোগে সক্রিয় গ্রাহক বেড়ে ৫.৮৬ কোটিতে
  • ডেটা আয় ও ফোরজি ব্যবহারের প্রবৃদ্ধিতে রাজস্ব বৃদ্ধি অব্যাহত

মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি, শক্ত অবস্থানে রবি
২৮ জুলাই, ২০২৬ ১৭:৫২  

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে শক্তিশালী আর্থিক প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত মোবাইল অপারেটর রবি আজিয়াটা । এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা (PAT) দাঁড়িয়েছে ২৬২ দশমিক ৯ কোটি টাকা। ২৮ জুলাই, মঙ্গলবার প্রকাশিত সবশেষ আর্থিক হিসাব অনুযায়ী, ডেটা ব্যবহারের সম্প্রসারণ এবং নতুন ফোরজি গ্রাহক বৃদ্ধির মাধ্যমে অর্জিত হয়েছে।

এ সময় রবির মোট রাজস্ব দাঁড়িয়েছে ২ হাজার ৭১১ দশমিক ৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বেশি। কোম্পানির কর-পরবর্তী মুনাফার (PAT) মার্জিন ছিল ৯ দশমিক ৭ শতাংশ এবং শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ০.৫০ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডেটা ও ফোরজি গ্রাহক বৃদ্ধিতে গতি
দ্বিতীয় প্রান্তিকে রবির সঙ্গে ১২ লাখ নতুন গ্রাহক যুক্ত হওয়ায় সক্রিয় গ্রাহকসংখ্যা বেড়ে ৫ কোটি ৮৬ লাখে পৌঁছেছে।

একই সময়ে ডেটা গ্রাহক বেড়ে ৪ কোটি ৬২ লাখ এবং ফোরজি গ্রাহক ৪ কোটি ২১ লাখে উন্নীত হয়েছে। নেটওয়ার্কে যুক্ত হয়েছে ১৭ লাখ নতুন ইন্টারনেট ব্যবহারকারী এবং ১৮ লাখ নতুন ফোরজি গ্রাহক, যা ডেটা সেবার চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

ফোরজি কভারেজ ৯৮.৯৮ শতাংশ
রবির ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণও অব্যাহত রয়েছে। দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির ফোরজি সাইটের সংখ্যা ১৯ হাজার ৬০০ ছাড়িয়েছে। এর মাধ্যমে দেশের ৯৮ দশমিক ৯৮ শতাংশ জনগোষ্ঠী ফোরজি কভারেজের আওতায় এসেছে।

বিনিয়োগ ও সরকারের রাজস্ব
প্রান্তিকটিতে রবি ৭২১ দশমিক ৬ কোটি টাকা মূলধনী বিনিয়োগ (Capex) করেছে। একই সময়ে সরকারকে বিভিন্ন কর, শুল্ক ও ফি বাবদ ২ হাজার দশমিক ৩ কোটি টাকা জমা দিয়েছে, যা কোম্পানির মোট রাজস্বের ৭৩ দশমিক ৮ শতাংশ।

ইবিআইটিডিএতে দুই অঙ্কের প্রবৃদ্ধি
দ্বিতীয় প্রান্তিকে রবির সুদ, কর, অবচয় ও অ্যামর্টাইজেশন-পূর্ব আয় (EBITDA) দাঁড়িয়েছে ১ হাজার ৪৯২ দশমিক ৫ কোটি টাকা। ইবিআইটিডিএ মার্জিন ছিল ৫৫ শতাংশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে মার্জিন বেড়েছে ২ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট।

আগের প্রান্তিকের তুলনায়ও কোম্পানির রাজস্ব ৭ দশমিক ১ শতাংশ, ইবিআইটিডিএ ১০ দশমিক ৫ শতাংশ এবং শেয়ারপ্রতি আয় ১৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রথমার্ধেও শক্তিশালী প্রবৃদ্ধি
চলতি বছরের প্রথম ছয় মাসে রবির মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫ হাজার ২৪২ দশমিক ৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ বেশি।

এ সময় ভয়েস রাজস্ব ১ দশমিক ৩ শতাংশ এবং ডেটা রাজস্ব ১৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রথমার্ধে কোম্পানির ইবিআইটিডিএ দাঁড়িয়েছে ২ হাজার ৮৪২ দশমিক ৯ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৭ শতাংশ বেশি। ইবিআইটিডিএ মার্জিন বেড়ে হয়েছে ৫৪ দশমিক ২ শতাংশ।

জানুয়ারি-জুন সময়ে রবি সরকারের কোষাগারে ৩ হাজার ৬৬৬ দশমিক ৬ কোটি টাকা জমা দিয়েছে, যা ওই সময়ের মোট রাজস্বের ৬৯ দশমিক ৯ শতাংশ।

প্রথম ছয় মাস শেষে কর-পরবর্তী মুনাফা বেড়ে হয়েছে ৪৯৫ দশমিক ৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ২৯ দশমিক ৩ শতাংশ বেশি। একই সময়ে কোম্পানির মূলধনী বিনিয়োগ ছিল ১ হাজার ৭১ দশমিক ১ কোটি টাকা।

বিশ্বকাপে বেড়েছে ডেটা ব্যবহার
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, অর্থনীতিতে গতি ফিরে আসার ইতিবাচক প্রভাব দ্বিতীয় প্রান্তিকের ফলাফলে প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, বিপুলসংখ্যক নতুন ডেটা ও ফোরজি গ্রাহক যুক্ত হওয়ার পাশাপাশি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ডেটা ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ডেটা রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তার ভাষ্য, বর্তমানে রবির সক্রিয় গ্রাহকদের ৭২ শতাংশই ফোরজি ব্যবহারকারী এবং কোম্পানির মোট আয়ে ডেটা থেকে আসা রাজস্ব প্রায় ভয়েস আয়ের সমপর্যায়ে পৌঁছে গেছে। এটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে মোবাইল ব্রডব্যান্ডের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন।

জাতীয় বাজেটে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও টেলিযোগাযোগ খাতের জন্য দীর্ঘমেয়াদি দিকনির্দেশনা দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান জিয়াদ সাতারা। তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে দেশের জিডিপিতে আইসিটি ও টেলিযোগাযোগ খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য বাস্তবায়নে বিদেশি বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারণ জরুরি।

এছাড়া সিম কর ও সিম রিপ্লেসমেন্ট কর প্রত্যাহার এবং সৌরবিদ্যুৎ ব্যবহারকারী প্রতিষ্ঠানের জন্য সরকারি প্রণোদনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এসব উদ্যোগ দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রবির নেট-জিরো লক্ষ্য অর্জনেও সহায়ক হবে।
//ডিবিটেক/ জেডএইচ/ডিআই//