শিক্ষার্থীদের জন্য গল্প, কনটেন্ট ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নোবিপ্রবিতে সাইবার বুলিং সচেতনতা প্রতিযোগিতা

  • ৩০ জুলাই পর্যন্ত আবেদন
  • তিন বিভাগে অংশগ্রহণের সুযোগ
  • সবার জন্য ই-সনদ ও পুরস্কার

নোবিপ্রবিতে সাইবার বুলিং সচেতনতা প্রতিযোগিতা
২৮ জুলাই, ২০২৬ ১৬:০১  

শিক্ষার্থীদের মধ্যে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘সাইবার বুলিং অ্যাওয়ারনেস কনটেস্ট ২০২৬’ আয়োজন করেছে সাইবারসেফ ট্রুথহাব।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গল্প লেখা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং চিত্রাঙ্কন—এই তিনটি বিভাগের যেকোনো একটিতে অংশ নিতে পারবেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। অংশগ্রহণকারীদের গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে নির্ধারিত ই-মেইলে প্রতিযোগিতার কাজ জমা দিতে হবে।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থী ই-সনদ পাবেন। নির্বাচিত সেরা কাজ প্রকাশ করা হবে সাইবারসেফ ট্রুথহাবের প্ল্যাটফর্মে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ স্বীকৃতি।

ইউনেস্কো ফেলোদের উদ্যোগ
সাইবারসেফ ট্রুথহাব হলো ইউনেস্কো ঢাকা পরিচালিত Youth-Focused Media and Information Literacy (MIL) Fellowship Programme-এর আওতায় নোবিপ্রবির ১০ জন ফেলোর একটি উদ্যোগ। কর্মসূচিটির মেন্টর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মো. আতিকুজ্জামান। বাস্তবায়নে সহযোগিতা করছে UNESCO Dhaka এবং Media and Information Literacy Network Bangladesh (MILNetBD)।

নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ার আহ্বান
নোবিপ্রবির শিক্ষার্থী ও এমআইএল ফেলো এশা বলেন, বর্তমানে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং ভুয়া তথ্যের বিস্তারও বেড়েছে। তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আরেক এমআইএল ফেলো সিয়াম বলেন, অনলাইনে পাওয়া তথ্য যাচাই করে গ্রহণ এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনেক শিক্ষার্থী সাইবার বুলিংয়ের শিকার হলেও এর মোকাবিলার কার্যকর উপায় সম্পর্কে জানেন না। তাই পোস্টার ক্যাম্পেইন, সচেতনতামূলক আলোচনা ও প্রতিযোগিতার মাধ্যমে "Think Before You Type, Respect Others Online" বার্তাটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

শুধু প্রতিযোগিতা নয়, সচেতনতার আন্দোলন
সাইবারসেফ ট্রুথহাবের মেন্টর মো. আতিকুজ্জামান বলেন, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়; বরং সাইবার হয়রানির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সৃজনশীলতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম। নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, সাইবারসেফ ট্রুথহাব ইতোমধ্যে নোবিপ্রবি ক্যাম্পাসে সাইবার নিরাপত্তা, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), দায়িত্বশীল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং সাইবার বুলিং প্রতিরোধ বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। নতুন এই প্রতিযোগিতা সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ।
//ডিবিটেক/এসএইচএস/ এমএনএ//