আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতায় চিকিৎসা খাতকে এগিয়ে নেওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

দেশে হেপাটাইটিস চিকিৎসা উন্নত হলে কমবে বৈদেশিক মুদ্রা অপচয়

  • ঢাকায় গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত বিশ্ব হেপাটাইটিস দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত
  • ফ্যাটি লিভার নিয়ে জনসচেতনতা বৃদ্ধি ও গর্ভবতী নারীদের স্ক্রিনিংয়ের গুরুত্বারোপ
  • মানোন্নয়নে বিএমইউতে অধ্যাপক সাইমন টেইলর রবিনসনের মতো আন্তর্জাতিক বিশেষজ্ঞের সম্পৃক্ততা

দেশে হেপাটাইটিস চিকিৎসা উন্নত হলে কমবে বৈদেশিক মুদ্রা অপচয়
২৮ জুলাই, ২০২৬ ১৫:৪৪  

দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি গ্রহণ এবং আন্তর্জাতিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, দেশেই যদি হেপাটাইটিস বি-এর আধুনিক ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায়, তবে রোগীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমবে, চিকিৎসা খরচ সাশ্রয় হবে এবং দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা রক্ষা পাবে।

২৮ জুলাই, মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যায়লে (বিএমইউ) বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত 'বিশ্ব হেপাটাইটিস দিবস' উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য 'Elimination for everyone, Everywhere, Right now'।

বক্তব্যে মন্ত্রী দেশের একটি বড় অংশ ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে কার্বোহাইড্রেট গ্রহণের বিষয়ে সতর্ক করেন এবং এ সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। গর্ভবতী নারীদের জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবির বিষয়ে একমত পোষণ করে তিনি তা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডনের হেপাটোলজির এমিরিটাস অধ্যাপক সাইমন টেইলর রবিনসন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিএমইউ-তে এই প্রখ্যাত শিক্ষাবিদের সম্পৃক্ততাকে ইতিবাচক আখ্যা দিয়ে অন্যান্য মেডিকেল কলেজগুলোকেও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে বিদেশি ও আঞ্চলিক বিশেষজ্ঞদের যুক্ত করার পরামর্শ দেন মন্ত্রী।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. সামসুল আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, জাতীয় অধ্যাপক ও সোসাইটির সভাপতি (অবৈতনিক) অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিএমইউ-এর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা।
//ডিবিটেক/ আরএইচ/এনএএম//