স্বাস্থ্যপ্রযুক্তির উদ্ভাবনে উৎপাদন ও বাজারজাতে সহায়তা

দেশীয় ভেন্টিলেটরে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

  • দেশীয় ভেন্টিলেটর ও হাই-ফ্লো মেশিনে সহায়তা
  • মান যাচাই ও উৎপাদনে সরকারি সহযোগিতা
  • স্বাস্থ্যপ্রযুক্তিতে আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্য

দেশীয় ভেন্টিলেটরে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস
২৮ জুলাই, ২০২৬ ১৩:০৩  
২৮ জুলাই, ২০২৬ ২২:৫৯  

দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের গবেষণা, মান যাচাই, উৎপাদন এবং বাজারজাতকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

২৮ জুলাই, মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, প্রযুক্তিগত সক্ষমতা, সম্ভাব্য ব্যবহার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন সংশ্লিষ্ট উদ্ভাবক ও গবেষকরা।

প্রধানমন্ত্রী বলেন, "স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা করবে।"

তিনি আরও বলেন, দেশীয় উদ্ভাবনকে শিল্পপর্যায়ে নিয়ে যেতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব, গবেষণা বিনিয়োগ এবং প্রযুক্তি বাণিজ্যিকীকরণকে আরও জোরদার করতে হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ডা. মামুন শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় উপস্থিত বিশেষজ্ঞরা জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন সফলভাবে উৎপাদন ও হাসপাতালে ব্যবহার শুরু হলে বিদেশি চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে চিকিৎসা ব্যয় হ্রাস, দ্রুত সরবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্য খাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং দেশীয় মেডিকেল প্রযুক্তি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে মেডিকেল ডিভাইস উৎপাদন শিল্প, স্বাস্থ্যপ্রযুক্তি গবেষণা এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি ভবিষ্যতে দেশীয় চিকিৎসা যন্ত্র আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হতে পারে।
//ডিবিটেক/ ইটিও/ এমএসআই//