প্রযুক্তিনির্ভর উন্নয়নে সরকারের বহুমুখী অগ্রগতি

এআই, জ্বালানি, গবেষণা ও ডিজিটাল সেবায় নতুন উদ্যোগ

  • এআই ও ডিজিটাল সেবা সম্প্রসারণ
  • জ্বালানি ও গবেষণায় নতুন বিনিয়োগ
  • উদ্যোক্তা ও অবকাঠামো উন্নয়নে অগ্রগতি

এআই, জ্বালানি, গবেষণা ও ডিজিটাল সেবায় নতুন উদ্যোগ
২৮ জুলাই, ২০২৬ ১২:৫৩  

প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, জ্বালানি নিরাপত্তা, গবেষণা অবকাঠামো, উদ্যোক্তা সহায়তা এবং বিজ্ঞানভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে। ২৮ জুলাই, মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য উপস্থাপন করেন।

ডাক, ডিজিটাল সংযোগ ও আইসিটি
ডাক অধিদপ্তর জানিয়েছে, ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত ডোমেস্টিক মেইল মনিটরিং সিস্টেম (ডিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ৪ লাখ ২৮ হাজার ৫৫৭টি রেজিস্ট্রি লেটার, গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট (জিইপি) ও পার্সেল বিতরণ করা হয়েছে।

দেশের ৬টি বিমানবন্দর ও ৫টি রেলস্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই চালু করা হয়েছে। এছাড়া ২২ জুলাই পর্যন্ত হাওর, বাওড় ও প্রত্যন্ত অঞ্চলে ১,১৯৫টি ইন্টারনেট হটস্পট চালু হয়েছে। মোবাইল অপারেটরদের মধ্যে ৬৬৭ কিলোমিটার ফাইবার অবকাঠামো শেয়ারিং সম্পন্ন হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, ৩৩টি নতুন সরকারি দপ্তর জাতীয় তথ্য বাতায়নে যুক্ত হয়েছে। একই সময়ে ডি-টোল সিস্টেমে ৩৩৭টি নতুন যানবাহন নিবন্ধিত হয়েছে এবং ৩৫ লাখ ৩২ হাজার টাকা লেনদেন সম্পন্ন হয়েছে।

সেমিকন্ডাক্টর ও বিজ্ঞান গবেষণায় নতুন গতি
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) যৌথ উদ্যোগে ঢাকার নভোথিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও BEAR Summit ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের গবেষক, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও প্রযুক্তি উদ্যোক্তাদের অংশগ্রহণে ৩৫টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন প্রদর্শন করে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তথ্য অনুযায়ী, জুন মাসে ২২টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউট থেকে ৮৭ হাজার ৪২৪ জন রোগীকে পেট-সিটি, রেডিওথেরাপি, থাইরয়েড স্ক্যানসহ বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এছাড়া ১,৮০৮টি আমদানিকৃত খাদ্য নমুনার তেজস্ক্রিয়তা পরীক্ষা, ১৯,৮০৬ কেজি খাদ্যদ্রব্যের সংরক্ষণকাল বৃদ্ধি এবং ৩৪২ সিএফটি চিকিৎসাসামগ্রী জীবাণুমুক্ত করা হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি সম্প্রসারণে অতিরিক্ত ৮,০০০ বর্গফুট স্থান বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

খাদ্য নিরাপত্তায় কঠোরতা
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার করেছে। এগুলো হলো—ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট), ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট) এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)। 

এআইভিত্তিক সড়ক নিরাপত্তা
সরকার জানিয়েছে, সড়ক নিরাপত্তা কর্মদশক (২০২১–২০৩০)-এর বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এআইভিত্তিক গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা এবং পথচারীদের জন্য স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

জ্বালানি নিরাপত্তায় বহুমুখী পরিকল্পনা
ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমেছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার— চতুর্থ এফএসআরইউ স্থাপনের উদ্যোগ, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই, ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনতে পাইপলাইন ও বিকল্প পরিবহনব্যবস্থা পর্যালোচনা, এবং দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১০০টি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে একনেকে ৭২৯ কোটি টাকা ব্যয়ে বেগমগঞ্জ ও সুনামগঞ্জে তিনটি নতুন গ্যাস কূপ খনন প্রকল্প অনুমোদিত হয়েছে।

রেলওয়ের আয় বৃদ্ধি
বাংলাদেশ রেলওয়ে ২০২৫-২৬ অর্থবছরে ২,০৬৬ কোটি ৩৮ লাখ টাকা আয় করেছে, যা আগের অর্থবছরের তুলনায় ২২১ কোটি টাকা বেশি। সরকার বলছে, ডিজিটাল ব্যবস্থাপনা, সেবার উন্নয়ন ও পরিচালনাগত উদ্যোগের কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ
ক্ষুদ্র ও কুটির শিল্প, আইসিটি ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগ, জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের উদ্যোক্তা এবং সবুজ প্রযুক্তিভিত্তিক ব্যবসার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানত ছাড়া ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অবকাঠামো ও কৃষি প্রযুক্তি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন-কে প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ সহযোগিতায় ময়মনসিংহের তারাকান্দায় প্রতিষ্ঠিত অ্যাকুয়াকালচার সেন্টার অব এক্সিলেন্স আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কাজ করবে। বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় ১১টি প্রদর্শনী পুকুরে ধানী পোনা, মাছের খাদ্য ও চুন বিতরণ করা হয়েছে।

প্রেস ব্রিফিং শেষে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না? এমন এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে এই সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য। তিনি দায়িত্ব ছাড়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগ বা আইনগত বিষয়ে প্রয়োজন হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। 

রাষ্ট্রপতিকে ঘিরে ট্রায়াল কোর্ট, হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন আবেদন বা অভিযোগের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, “আদালত স্বাধীনভাবে কাজ করছে। কোনও মামলা আদালতে গেলে তার বিচারিক প্রক্রিয়া কীভাবে চলবে, সেটি আদালতই নির্ধারণ করবেন।” 

দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে— এমন একটি গবেষণার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, “বিষয়টি সরকারের নজরে এসেছে।” 

তিনি বলেন, “মাইক্রোপ্লাস্টিক এখন শুধু টুথপেস্টের মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন উৎস থেকে এটি খাদ্য, পানি এবং পরিবেশে ছড়িয়ে পড়ছে। ফলে একটি পণ্য বা একটি খাতের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না।”  

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত জাদুঘরের উদ্বোধন নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আগামী ৫ আগস্ট এটি উদ্বোধন করা হবে। স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করা।” 

সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, যুগ্মসচিব ড. মোঃ আলম মোস্তফা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/ ইউকেএফআই/ এমআইএস//