একই দিনে দু’বার বিভ্রাট, বিশ্বজুড়ে বন্ধ ছিল স্পটিফাই

একই দিনে দু’বার বিভ্রাট, বিশ্বজুড়ে বন্ধ ছিল স্পটিফাই
২৮ জুলাই, ২০২৬ ১৪:৩৮  

জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইতে বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার একই দিনে পরপর দু’বার বড় ধরনের সেবা ব্যাঘাতের মুখোমুখি হন এর কোটি কোটি ব্যবহারকারী। প্রথম দফায় তৈরি হওয়া কারিগরি ত্রুটি কাটিয়ে ওঠার কিছুক্ষণের মধ্যেই আবারও দ্বিতীয় দফায় অচল হয়ে পড়ে স্পটিফাইয়ের মোবাইল অ্যাপ ও প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট।

যেসব ব্যবহারে সমস্যা দেখা দেয়
হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হন। বিভ্রাট চলাকালে সরাসরি গান শোনা, নতুন গান বা অ্যালবাম খোঁজা, অ্যাকাউন্টে সাইন-ইন বা লগ-ইন করা কিংবা নিজের প্লে-লিস্ট বা অ্যাকাউন্ট পরিচালনা করার সুবিধা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করতে গেলে ত্রুটির বার্তা দেখানো হচ্ছিল।

ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'ডাউনডিটেক্টর'-এ বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী স্পটিফাই ব্যবহারের সমস্যার কথা একযোগে রিপোর্ট করতে শুরু করেন। হঠাৎ গান বন্ধ হয়ে যাওয়া বা সেবা ব্যবহার করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্পটিফাইয়ের বিবৃতি
প্রথম দফা বিভ্রাট কাটিয়ে ওঠার কথা জানানোর পরপরই বিকেল তিনটার দিকে বার্তা সংস্থা এক্স-এ (সাবেক টুইটার) স্পটিফাইয়ের অফিশিয়াল সাপোর্ট পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, তাদের ওয়েবসাইটে আবার কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে এবং প্রকৌশলীরা তা খতিয়ে দেখছেন। গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানানোর সাথে প্রয়োজনীয় সহায়তার লিংকও জুড়ে দেওয়া হয়।

পরবর্তীতে টানা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে কারিগরি ত্রুটি সারিয়ে তোলার কথা নিশ্চিত করে স্পটিফাই কর্তৃপক্ষ। এক্স পোস্টে তারা ঘোষণা দেয় যে সব ধরনের সেবা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ওয়েবসাইট ডাউনডিটেক্টরেও ত্রুটির রিপোর্টগুলো দ্রুত কমতে শুরু করে এবং বিশ্বজুড়ে গানপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট