মোশন সেন্সর ব্যবহারের মাধ্যমে ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ের দাবি
বাংলাদেশে স্বয়ংক্রিয় আলো প্রযুক্তি নিয়ে চীনা প্রতিষ্ঠান হেইগা
- স্বয়ংক্রিয় আলোকসজ্জা ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে হেইগার আনুষ্ঠানিক যাত্রা
- বাতিতে মোশন সেন্সর ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ ৮০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হবে
- স্মার্ট হোম, নিরাপত্তা ব্যবস্থা ও স্মার্ট সুইচ বাজারজাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য নিয়ে বাংলাদেশে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে চীনা প্রতিষ্ঠান ‘হেইগা’। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল কার্যক্রমের সূচনা করে, যেখানে প্রযুক্তি বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও অংশীদাররা উপস্থিত ছিলেন।
২৭ জুলাই, সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হেইগা কর্তৃপক্ষ তাদের কার্যক্রম শুরুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়।
প্রতিষ্ঠানটি জানায়, তাদের তৈরি স্বয়ংক্রিয় সংবেদনশীল বাতিতে উন্নত ‘মোশন সেন্সর’ এবং আলো শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মানুষের উপস্থিতি ও আশপাশের আলোর তীব্রতা স্বয়ংক্রিয়ভাবে গণনা করে এই বাতিগুলো জ্বলে ও নিভে। প্রতিষ্ঠানটির দাবি, এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে প্রচলিত বাতির তুলনায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।
ভবিষ্যতে বাংলাদেশে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় গৃহ ও কার্যালয় ব্যবস্থাপনা পণ্য, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, স্মার্ট সুইচ, প্লাগ ও স্মার্ট ডোরবেলসহ নানা উদ্ভাবনী প্রযুক্তিপণ্য বাজারজাত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
উদ্বোধনী অনুষ্ঠানে হেইগার দেশীয় ব্যবস্থাপক আল আমিন বলেন, "আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের স্বয়ংক্রিয় প্রযুক্তি তুলনামূলক সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া। বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে ঘর ও প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় ব্যবস্থার প্রসার ঘটাতে আমরা কাজ করব।"
//ডিবিটেক/এমএস/ইডিপি//





