৮ নম্বর গেটসংলগ্ন ময়লার স্তূপে আগুন, ফ্লাইট ও বিমানবন্দর কার্যক্রম ছিল স্বাভাবিক
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- তিন মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে
- ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি
- আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দ্রুত সাড়ায় ৮ নম্বর গেটসংলগ্ন একটি ময়লার স্তূপে লাগা আগুন অল্প সময়েই নিয়ন্ত্রণে এসেছে। এতে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কিংবা ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।
বিমানবন্দর সূত্র জানায়, শনিবার রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে, রাত ৯টা ২৩ মিনিটে, বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
সূত্রটি জানায়, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং আগুনের প্রভাব বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বা যাত্রীসেবায় পড়েনি। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিমান চলাচল স্বাভাবিক ছিল।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একই ধরনের অগ্নিকাণ্ডের কয়েকটি ঘটনা ঘটেছিল।
//ডিবিটেক/ বিএনও/ এসএমই//





