ডিজিটাল ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে গ্রহণের ওপর গুরুত্বারোপ

এআইকে দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান তথ্যমন্ত্রীর

  • এআই এখন দেশের ডিজিটাল অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ
  • দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদি ব্যবহারে জোর
  • এআই সম্পর্কে জ্ঞানের অভাবে ঝুঁকির সতর্কবার্তা

এআইকে দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান তথ্যমন্ত্রীর
২৫ জুলাই, ২০২৬ ১২:৩৮  
২৫ জুলাই, ২০২৬ ১৩:৫১  

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দেশের তথ্য, যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে পরিণত হয়েছে উল্লেখ করে এর দায়িত্বশীল, কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এআই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে এই প্রযুক্তি সুবিধার বদলে ঝুঁকির কারণও হতে পারে।

২৫ জুলাই, শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ইতোমধ্যে দেশের তথ্য, যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এ প্রযুক্তিকে সঠিকভাবে বোঝা এবং কীভাবে দীর্ঘমেয়াদে কার্যকর, নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়, তা নিশ্চিত করা।

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে এটি যেকোনো সময় বুমেরাং হয়ে যেতে পারে।’

এআইকে প্রতিপক্ষ নয়, বরং উন্নয়ন ও উদ্ভাবনের সহযোগী হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, যাতে প্রযুক্তির ইতিবাচক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের ডিজিটাল রূপান্তর আরও এগিয়ে নেওয়া যায়।

মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ী ছিল। কিন্তু এখন থেকে সভ্যতার পথচলায় মানুষ একা নয়; মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজে এআই ব্যবহারে দক্ষ মানবসম্পদ তৈরি, সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
//ডিবিটেক/ ইটিএন/ এসএমই//