মৎস্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের তাগিদ
সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় মালেতে দুই দিনব্যাপী সার্ক আঞ্চলিক বৈঠক
দক্ষিণ এশিয়ার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পাখনাযুক্ত (মেরিন ফিন ফিশ) মাছের টেকসই ব্যবস্থাপনা এবং এই খাতে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত দুই দিনব্যাপী সার্ক আঞ্চলিক পরামর্শ সভা ২ জুলাই, বৃহস্পতিবার শেষ হয়েছে। ১ জুলাই, বুধবার শুরু হওয়া এই সভায় সার্কভুক্ত দেশগুলোর নীতিনির্ধারক, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা, গবেষক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভাটি যৌথভাবে আয়োজন করেছে সার্ক এগ্রিকালচার সেন্টার, মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলভিত্তিক উন্নয়ন সংস্থা ‘সুশীলন’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের মৎস্য, কৃষি ও মহাসাগরীয় সম্পদ মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার মোহাম্মদ মুথথালিব। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মৎস্য খাতের ওপর গুরুত্বারোপ করে টেকসই সম্পদ ব্যবস্থাপনা ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে ‘দক্ষিণ এশিয়ায় সামুদ্রিক পাখনাযুক্ত মাছ: বর্তমান ব্যবস্থাপনা পরিস্থিতি ও সহযোগিতার সম্ভাবনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৎস্যবিজ্ঞানী ও বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব। তিনি অতিরিক্ত আহরণ, অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ, জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক আবাসস্থলের অবক্ষয়কে দক্ষিণ এশিয়ার মৎস্যসম্পদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সমন্বিত আঞ্চলিক উদ্যোগের তাগিদ দেন।
নেপালে অবস্থিত সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার যৌথ গবেষণা, সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন এবং মৎস্য খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সার্ক দেশগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন। সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সার্ক কৃষি কেন্দ্রের অধীনে একটি বিশেষায়িত সামুদ্রিক ব্যবস্থাপনা প্লাটফর্ম গঠন করা এখন সময়ের দাবি।
‘সুশীলন’-এর প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান বলেন, সামুদ্রিক মাছ দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা, উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা এবং আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই এ সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারে সমন্বিত উদ্যোগ অপরিহার্য। সভার সমন্বয়কারী এবং ঢাকায় অবস্থিত সার্ক এগ্রিকালচার সেন্টারের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (মৎস্য) ড. মো. শরীফুল ইসলাম জানান, সার্ক সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, নীতিনির্ধারণী সংলাপ এবং যৌথ গবেষণা ও উন্নয়নের অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করাই এই পরামর্শ সভার মূল লক্ষ্য।
//ডিবিটেক/এবিএম/ ইকে//





