বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে পড়ে থাকা বিভিন্ন পণ্য বিশেষ ই-নিলামের মাধ্যমে বিক্রি করবে কাস্টমস হাউস, ঢাকা। ১৯ জুন থেকে ২ জুলাই পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দেওয়া যাবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের পণ্য বিশেষ ই-নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস হাউস, ঢাকা।
১৮ জুন, বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস হাউস, ঢাকার অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে সংরক্ষিত বিভিন্ন ধরনের মালামাল ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে ই-নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এ লক্ষ্যে আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে।
এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী, কোনো লটের জন্য প্রথম নিলামে সংরক্ষিত মূল্য অর্জিত না হলেও প্রাপ্ত দরগুলোর মধ্যে সর্বোচ্চ দরদাতার কাছে সংশ্লিষ্ট লট বিক্রি করা হবে।
সংস্থাটি জানিয়েছে, কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা ঝুঁকি কমানো এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এই বিশেষ ই-নিলামের আয়োজন করা হয়েছে।
নিলামে অংশগ্রহণে আগ্রহীরা আগামী ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত কাস্টমস ও এনবিআরের নির্ধারিত ই-অকশন ওয়েবসাইটে নিবন্ধন বা লগইন করে দরপত্র জমা দিতে পারবেন।
এনবিআর জানিয়েছে, পুরো নিলাম কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আগ্রহী বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে। পরিদর্শন শেষে তারা অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।
তবে অনলাইন বিডের পাশাপাশি জামানতের পে-অর্ডার এবং প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশের প্রযোজ্য শর্ত অনুসরণ করে পণ্য খালাস নিতে হবে।
ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই দুপুর ৩টায় কাস্টমস হাউস, ঢাকার সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল, দক্ষ ও সুশৃঙ্খল করতে ভবিষ্যতেও এ ধরনের ই-নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।
//ডিবিটেক/পিআর/ইকে//





