কোরবানির দুয়ার থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়

কোরবানির দুয়ার থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানায়
২৭ মে, ২০২৬ ১৯:৩৪  
২৭ মে, ২০২৬ ২২:৪২  

এই পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য কেনা ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের জন্য  রাখা হলো মিরপুর চিড়িয়াখানায়। 

২৭ মে, বুধবার রাতে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের ট্রাম্প নামের মহিষটাকে রাতেই চিড়িয়াখানায় আনা হয়েছে। আমরা একটা শেডে ওটাকে রাখার ব্যবস্থা করেছি। এছাড়া তার খাওয়ার সব ব্যবস্থা করেছে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।’

প্রসঙ্গত,  চেহারা এবং চুলের ঢং অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় সেটির নামই রেখে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। 

ব্যাপক আলোচনায় আসার ফলে দ্রুতই চড়া দামে বিক্রি হয়ে গিয়েছিল মহিষটি। কিনেছিলেন কেরাণীগঞ্জের এক ক্রেতা। বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিনে কোরবানি দেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্পকে চড়া দামে কিনেছিলেন ওই ক্রেতা।  

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে টাকা ফেরত দিয়ে ক্রেতার কাছ থেকে মহিষটি ফিরিয়ে নিয়ে বুধবার (২৭ মে) কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। সেখানে থেকে নেওয়া হয়েছে চিড়িয়াখানায়।   

এর আগে বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানা–এ নেওয়া হয়। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে চিড়িয়াখানায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

মহিষটির ক্রেতা মনিরুজ্জামানের চাচা শ্বশুর মো. তাইবুর রহমান জানান, প্রথমে ঈদুল আজহার কোরবানির জন্য মহিষটি কেনা হয়েছিল। পরে জানা যায় এটি অ্যালবিনো জাতের অত্যন্ত বিরল মহিষ।

তিনি বলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় মহিষটি সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন বিরল প্রাণী দেশের সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।

ডা. মেহেদী হাসান ভূঁইয়া জানান, অ্যালবিনো জাতের এই মহিষটি সংরক্ষণের স্বার্থে ৩ লাখ ৩০ হাজার টাকায় মালিকের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। পরে সেটিকে মিরপুর চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে সরকারি পর্যায়ে আলোচনা শেষে মহিষটিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে এটিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্ম–এ ফেরত পাঠানোর কথা থাকলেও পরে চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত হয়।

প্রায় ৭০০ কেজি ওজনের সাদা রঙের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর চুলের গঠন ও চেহারার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প–এর মিল খুঁজে পেয়ে খামারের মালিক এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মহিষটি। একনজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। পরে বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচিত হয়।

/ডিবিটেক/ বিপিও/ ইকে/