ডিডিআইএক্সপো-২০২৬:  

পুরস্কার পেলো পিসি ব্যাটেলস সিজন-৩ বিজয়ীরা 

পুরস্কার পেলো পিসি ব্যাটেলস সিজন-৩ বিজয়ীরা 
১৮ মে, ২০২৬ ০৬:২২  

পিসি হেল্পলাইনের আয়োজনে ‘ডিডিআইএক্সপো-২০২৬: বেস্ট অব বাংলাদেশ পিসি ব্যাটেলস সিজন-৩’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে, বিকেলে রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টারে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ।

এসময় সমিতির কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন এবং পিসি হেল্পলাইন বাংলাদেশের হেড অব অপারেশন অনন্য জামান উপস্থিত ছিলেন। 

পুরস্কার বিতরণীর আগে আয়োজকরা প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগ ও তরুণদের অংশগ্রহণকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটেগরিতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল ফটো কনটেস্ট, রিল কনটেস্ট, পিসি ব্যাটেল, কিব শোডাউন ও টাইপিং কনটেস্ট এবং কসপ্লে কম্পিটিশন।

‘পিসি ব্যাটেল’ বিভাগে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ও দক্ষতার সঙ্গে নির্মিত পিসি বিল্ডগুলো মূল্যভিত্তিক পাঁচটি ক্যাটেগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যদিকে কিব শোডাউন ও টাইপিং কনটেস্টে অংশ নেন দেশের জনপ্রিয় কিবোর্ড বিল্ডার ও ব্যবহারকারীরা।

এবারই প্রথমবারের মতো ডিজিটাল এক্সপোতে কসপ্লে কম্পিটিশন যুক্ত করা হয়। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন গেম ও পপ কালচারের জনপ্রিয় চরিত্রে সেজে অংশ নেন।

ডিডিআইএক্সপো-২০২৬-এর প্লাটিনাম স্পন্সর ছিল স্যামসাং, ইপসন, অনার ও এইচপি। গোল্ড স্পন্সর ছিল লেনোভো, অপো, টেকনো ও শাওমি। এছাড়া সিলভার স্পন্সর ছিল এসার, গিগাবাইট ও নেটিস।

প্রসঙ্গত, গত ২৮ থেকে ৩১ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ উপলক্ষে চারদিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যৌথভাবে এক্সপোর আয়োজন করে আইসিটি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
ডিবিটেক/ইউজি/ইকে