গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ

মোবাইল ব্যাংকিংয়ে নতুন আতঙ্ক 'NB TV' ম্যালওয়্যার

৫ মে, ২০২৬ ০০:০০  

দেশের মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল ব্যাংকিং গ্রাহকদের লক্ষ্য করে ছড়িয়ে পড়ছে 'NB TV' (ফেক ফ্রি টিভি চ্যানেল) নামক একটি ভয়ংকর ম্যালওয়্যার। মূলত বিনা মূল্যে টিভি দেখার প্রলোভন দেখিয়ে অ্যাপটি ইন্সটল করানো হচ্ছে। একবার স্মার্টফোনে জায়গা করে নিলে এটি ডিভাইসে থাকা ব্যাংকিং অ্যাপগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। 

দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ব্যাংকের অ্যাপ ব্যবহারকারীরা এই সাইবার হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। তবে বিষয়টি কেউ প্রকাশ্যে আনছেন না। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ইতোমধ্যে ৩০টিরও বেশি একই ধরনের অভিযোগ তাদের কাছে জমা পড়েছে এবং প্রতিনিয়ত ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের অপরিচিত লিঙ্কে ক্লিক না করতে এবং প্লে-স্টোর ব্যতীত অন্য কোনো উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করার জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট।

অনুসন্ধানে জানাগেছে, এই ম্যালওয়্যারটির কার্যপদ্ধতি অত্যন্ত সুক্ষ্ম ও প্রতারণামূলক। প্রথমেই গ্রাহকের মোবাইলে একটি ভুয়া মানি ট্রান্সফার বা টাকা প্রাপ্তির মেসেজ পাঠানো হয়। গ্রাহক যখন কোনো লেনদেন ছাড়াই এই মেসেজের সত্যতা যাচাই করতে আসল ব্যাংকিং অ্যাপটি ওপেন করেন, তখনই ম্যালওয়্যারটি সক্রিয় হয়ে ওঠে। ব্যাংকিং অ্যাপের উপরে এটি একটি হুবহু নকল 'লগইন স্ক্রিন' প্রদর্শন করে। গ্রাহক সরল বিশ্বাসে সেখানে পিন (PIN) বা পাসওয়ার্ড দিলে তা মুহূর্তেই হ্যাকারদের সার্ভারে পৌঁছে যায়।

দেখা গেছে, অর্থ চুরির প্রক্রিয়াটি চূড়ান্ত করতে অ্যাপটি মোবাইলের এসএমএস রিড করার পারমিশন ব্যবহার করে। এর ফলে ব্যাংকিং লেনদেনের জন্য প্রয়োজনীয় ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) গ্রাহকের অগোচরেই হ্যাকাররা সংগ্রহ করে নেয়।

ডিবিটেক/আইএসপিসি/এমইউএম