৬ দিন পর সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

৬ দিন পর সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট
১ মে, ২০২৬ ১৯:৩৩  

টানা ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন আবারও শুরু হয়েছে। বয়লারের পাইপ ফেটে যাওয়ায় গত ২৫ এপ্রিল ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল।

১ মে, শুক্রবার সন্ধ্যায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ভোর সাড়ে চারটায় ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি চালু করা হয়।

এ নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানান, মেরামত কাজ শেষে ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে এবং এটি থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ৩ নম্বর ইউনিটের ওভারহোল্ডিং কাজ চলছে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, এটি আগামী ১৫ মে’র মধ্যে চালু করা সম্ভব হবে। এতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিটটি থেকে বর্তমানে প্রায় ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে এই ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটি চালু হয়। প্রথমে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট দিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত হয়। তবে যান্ত্রিক জটিলতার কারণে কেন্দ্রটি কখনো পূর্ণ সক্ষমতায় ধারাবাহিকভাবে উৎপাদন করতে পারেনি।

প্রসঙ্গত, একাধিকবার যান্ত্রিক ত্রুটি ও বয়লারে পাথর ঢুকে যাওয়ার কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

ডিবিটেক /জেএনই/ইকে