টোকিও বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলার হিসেবে কাজ করবে হিউম্যানয়েড রোবট

টোকিও বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলার হিসেবে কাজ করবে হিউম্যানয়েড রোবট
৩০ এপ্রিল, ২০২৬ ১৭:২০  
৩০ এপ্রিল, ২০২৬ ১২:১১  

জাপান এয়ারলাইন্স (জেএএল) আগামী মে মাস থেকে টোকিওর হানেদা বিমানবন্দরে লাগেজ ও কার্গো হ্যান্ডেলিংয়ের জন্য হিউম্যানয়েড রোবট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রোবটটিকে লাগেজ কনভেয়ার বেল্টে রাখতে দেখা গেছে, পাশাপাশি মানবকর্মীর সঙ্গে হ্যান্ডশেক ও হাত নাড়তেও দেখা গেছে।

এই ‘ড্রয়েড’-এর উচ্চতা মাত্র চার ফুট তিন ইঞ্চি। একবার চার্জে দুই থেকে তিন ঘণ্টা কাজ করতে পারে বিধায় লাগেজ তোলা-নামা, তোলা ও কনভেয়ার বেল্টে সাজানোর মতো সহজ কাজগুলোর জন্যই প্রথম দিকে ব্যবহারের চিন্তা করছে জেএএল।

পরীক্ষাটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রাথমিকভাবে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো ও নিরাপত্তার মানচিত্র তৈরি করা হবে, যেখানে রোবটগুলো নিরাপদে মানুষের পাশাপাশি কাজ করতে পারে। এর পর সিমুলেটেড এনভায়রনমেন্টে ট্রায়াল হবে। সবকিছু ঠিক থাকলে প্রকৃত টারমাকে রোবট নামবে।

জাপানের বর্তমান জনসংখ্যার বয়স বৃদ্ধি এবং জন্মহার কমে যাওয়ায় কর্মীসংকট প্রকট আকার ধারণ করেছে। এদিকে অভিবাসন বাড়াতেও বাড়তি চাপ আছে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই সংকট মোকাবিলায় স্বয়ংক্রিয় প্রযুক্তি ও রোবটই একমাত্র পথ। সিলিকন ভ্যালিও বাণিজ্যিকভাবে দীর্ঘ মেয়াদে হিউম্যানয়েড রোবটকে বড় প্রকল্প হিসেবে দেখছে।

এখন দেখার বিষয়, ‘বিমানবন্দরের নিরীহ রোবট’ কাল কী পরিণতি ডেকে আনে। সায়েন্স ফিকশনে যেসব সতর্কবার্তা শতাব্দী ধরে শোনা যাচ্ছে, আশা করা যায় আমাদের সময়রেখাটা অন্তত ততটা ভয়াবহ হবে না।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট