জেমিনিতে ফাইল জেনারেট করার সুবিধা চালু

জেমিনিতে ফাইল জেনারেট করার সুবিধা চালু
৩০ এপ্রিল, ২০২৬ ১৪:২৫  
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০৫  

এআই চ্যাটবট জেমিনির নতুন আপডেট ব্যবহারকারীদের সরাসরি চ্যাটবট থেকে ফাইল জেনারেট করার সুযোগ দিচ্ছে। গুগলের এই চ্যাটবটটি এখন প্রম্পট বারের মাধ্যমেই বিভিন্ন ফরম্যাটের ফাইল তৈরি করতে সক্ষম। যা চাইবেন, তা বলে দিলেই তৈরি হয়ে যাবে। এক্সপোর্ট বাটনে ট্যাপ করলেই ডাউনলোড করা যাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গুগল এই নতুন ফিচার ঘোষণা করেছে। শুধু মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল নয়; পিডিএফ, টিএক্সটি, আরটিএফ, সিএসভি, মার্কডাউন এমনকি বৈজ্ঞানিক গবেষণাপত্র ফরম্যাট করার সিস্টেম ল্যাটেক্স ফাইলও বানাতে পারবে জেমিনি।

সম্প্রতি ওপেনএআই ল্যাটেক্স জার্নাল ফরম্যাটিংয়ের জন্য একটি পৃথক অ্যাপ চালু করেছে। গুগল কিন্তু সেটি সরাসরি জেমিনির ভেতরেই এনেছে। বিশেষ করে যারা বিজ্ঞান বা প্রকৌশল নিয়ে পড়ছেন, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী হবে।

গুগলের ভাষ্য অনুযায়ী, ব্যবহারকারীরা আগে যেখানে তথ্য কপি-পেস্ট ও ফরম্যাটিংয়ের ঝক্কি পোহাতেন, এখন তা আর করতে হবে না। সরাসরি ফাইল জেনারেট করে ডকুমেন্টে নিয়ে যাওয়া যাবে।

গুগল দাবি করছে, এটি বিশ্বের সব জেমিনি ইউজারের জন্য রোল আউট করা হচ্ছে। অ্যানথ্রপিকের ক্লড গত বছর এই ফিচার এনেছিল; তবে জেমিনি ব্যবহারকারীদের জন্য এই আপডেটকে একটি বড় উন্নয়ন হিসেবেই দেখা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: এনগ্যাজেট