পিরোজপুরের জিয়ানগরে ‘ভুয়া চিকিৎসক’ আটক

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে এম. এ. আকবর (৩৭) […] The post পিরোজপুরের জিয়ানগরে ‘ভুয়া চিকিৎসক’ আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ

পিরোজপুরের জিয়ানগরে ‘ভুয়া চিকিৎসক’ আটক
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:৫৫  

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণামূলক চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ মোড় সংলগ্ন একটি বাসায় অভিযান চালিয়ে এম. এ. আকবর (৩৭) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাবনা সদর উপজেলার চক পৈলানপুর গ্রামের শামসের আলীর ছেলে।
এ সময় তার সহযোগী ইন্দুরকানী গ্রামের মৃত ভূবন চন্দ্র শীলের ছেলে রতন কুমার শীল (৪০)কেও আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই চিকিৎসক পরিচয়ে রোগী দেখার দায়ে এম. এ. আকবরকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার সহযোগী রতন কুমার শীলকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, এম. এ. আকবর ‘ঢাকা হোমিও ক্লিনিক’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে টিউমার, ক্যান্সার, বন্ধ্যাত্ব, হৃদরোগ, হার্ট ব্লক, কিডনি ও পিত্তথলির পাথরসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। তিনি ‘কোয়ান্টাম রেজোন্যান্স ম্যাগনেটিক অ্যানালাইজার’ নামের একটি ডিভাইস ব্যবহার করে ভুয়া পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দিয়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন।

এছাড়া অনুমোদনহীন হোমিও ওষুধ ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগও পাওয়া গেছে। অন্যদিকে, সহযোগী রতন কুমার শীল গ্রিন কার্ডের মাধ্যমে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘কোনো ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা বৈধ ডিগ্রি ছাড়া চিকিৎসা সেবা দেওয়া সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ভুয়া চিকিৎসকদের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে তাদের জীবন ঝুঁকির মুখে পড়ছে। আমরা নিয়মিতভাবে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদার করা হবে।’

অভিযানকালে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক, ইন্দুরকানী থানা পুলিশের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

The post পিরোজপুরের জিয়ানগরে ‘ভুয়া চিকিৎসক’ আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.