মৌলভীবাজারে ডাকাতের ছোড়া গুলিতে আরেক ডাকাত নিহত

সিলেট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাত সদস্য সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনাটি ঘটে। […] The post মৌলভীবাজারে ডাকাতের ছোড়া গুলিতে আরেক ডাকাত নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর

মৌলভীবাজারে ডাকাতের ছোড়া গুলিতে আরেক ডাকাত নিহত
২৮ এপ্রিল, ২০২৬ ২৩:৪৫  

সিলেট: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাত সদস্য সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছেন। দেশে তার পৈত্রিক বাড়ি দেখাশোনা করতে নিকট আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন।

গতকাল রাতে ভারী বর্ষণের সুযোগে একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।

এ সময় গিয়াস উদ্দিন রান্নাঘরের দরজার গ্রীল ধরে প্রতিরোধের চেষ্টা চালান। এক পর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে রাতের অন্ধকারে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ডাকাত দলের অপর সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় গুলির শব্দে চারিদিকে চিৎকার শুরু হলে ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে রেখে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

The post মৌলভীবাজারে ডাকাতের ছোড়া গুলিতে আরেক ডাকাত নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.