ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, দালালসহ আটক ৭২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দু’টি অভিযানে নারী ও শিশুসহ ৬৯ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত তিনজন দালালকেও আটক করা হয়েছে। এ সময় একটি কাঠের নৌকা ও একটি অটোরিকশাও জব্দ করা হয়। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। […] The post ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, দালালসহ আটক ৭২ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, দালালসহ আটক ৭২
২৮ এপ্রিল, ২০২৬ ২২:০৫  

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দু’টি অভিযানে নারী ও শিশুসহ ৬৯ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত তিনজন দালালকেও আটক করা হয়েছে। এ সময় একটি কাঠের নৌকা ও একটি অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ প্রকাশে অনীহা প্রকাশ করেন। মাঠপর্যায়ের একাধিক সূত্রে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেছে।

বিজিবির একটি সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে নাজিরপাড়া বিওপির অধীন ১ নম্বর বেড়িবাঁধসংলগ্ন নাফ নদীর তীরবর্তী গফুরের ঘের এলাকার একটি কেওড়া বাগানে অভিযান চালানো হয়। এ সময় রোহিঙ্গাবোঝাই একটি কাঠের নৌকাসহ ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন নারী ও সাতজন শিশু। অভিযানে একটি বৈঠাচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

এর আগে, রোববার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত আরেকটি টহল দল উপজেলার মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালায়। স্থানীয় এক বাসিন্দার বাড়ির পাশের একটি গোপন আস্তানা থেকে ৫৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, ২০ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে। এ সময় মানবপাচারে ব্যবহৃত একটি অটোরিকশা ও দু’টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

অভিযানের সময় মানবপাচারের সঙ্গে জড়িত তিনজন দালালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে রোহিঙ্গা পারাপারে জড়িত একটি চক্রের সদস্য।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দালালরা প্রতি পরিবার বা ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত আদায় করে থাকে। অনেক ক্ষেত্রে জীবন বাঁচাতে মরিয়া হয়ে রোহিঙ্গারা নিজেদের সম্পদ বিক্রি করেও এ পথে পা বাড়াচ্ছে।

সাম্প্রতিক সময়ে টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এর আগে, শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে একই পরিবারের ১০ সদস্য বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার জামতলী ক্যাম্পে আশ্রয় নেয়। মার্চ মাসে মিয়ানমারের মংডু এলাকা থেকে পালিয়ে আসা আরেকটি পরিবার দালালদের সহায়তায় প্রায় ৭০ লাখ কিয়াট (বাংলাদেশি মুদ্রায় প্রায় চার লাখ টাকা) দিয়ে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার একটি ক্যাম্পে ওঠে।

স্থানীয়দের ভাষ্য, ‘সম্প্রতি প্রায় প্রতিরাতেই নাফ নদীতে ছোট ছোট নৌকা বা ভেলা ভেসে আসতে দেখা যায়। অনেক সময় নারী-শিশুর কান্নার শব্দও শোনা যায়।’

বিশ্লেষকেরা বলছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত পরিস্থিতি নতুন করে অনুপ্রবেশ বৃদ্ধির অন্যতম কারণ। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ও দেশটির সামরিক বাহিনীর সংঘর্ষে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের পর থেকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। গত প্রায় ১৮-২০ মাসে দেড় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নতুন করে অনুপ্রবেশের ফলে এলাকায় অপরাধ, মাদক পাচার ও সামাজিক অস্থিরতা বাড়ছে। স্থানীয় বাসিন্দা শামিমুল ইসলাম বলেন, ‘প্রতি রাতেই নতুন নতুন লোক ঢুকছে। আমরা ভয় নিয়ে থাকি, কখন কী হয়।’

বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জন্য বড় ধরনের নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ. এম. নজরুল ইসলাম বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, ক্যাম্পে অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং মাদক ও মানবপাচার চক্রের বিস্তার—এই তিনটি বড় ঝুঁকি সামনে রয়েছে।

২০১৭ সালের পর শুরু হওয়া এ সংকটের এখনও কোনো টেকসই সমাধান হয়নি। একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। রাখাইনে সংঘাত চলমান থাকায় নিরাপদ প্রত্যাবাসনের সম্ভাবনাও অনিশ্চিত রয়ে গেছে।

এ বিষয়ে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ‘নাফ নদীর কালো জলে ভেসে আসা ছোট ছোট নৌকাগুলো যেন শুধু মানুষ নয়, বয়ে আনছে এক গভীর সংকটের গল্প। প্রতিটি মুখে ভয়, প্রতিটি চোখে অনিশ্চয়তা। আর বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে সেই সংকট দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে।’

The post ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, দালালসহ আটক ৭২ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.