সাতক্ষীরায় টিএফজিবিভি প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা

সাতক্ষীরায় টিএফজিবিভি প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা
২৮ এপ্রিল, ২০২৬ ১৮:৫৬  

প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে সাতক্ষীরায় স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এবং অগ্রগতি সংস্থার উদ্যোগে  ২২ এপ্রিল অনুষ্ঠিত  এ সভায় জেলার ৩৫ জন কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার ও অনলাইন উদ্যোক্তা অংশ নেন। আয়োজকদের তথ্যমতে, অংশগ্রহণকারীদের সম্মিলিত অনুসারী ও দর্শকসংখ্যা প্রায় ২০ লাখ।

সভায় প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা, অনলাইন হয়রানি, ট্রলিং, ব্যক্তিগত তথ্য ফাঁস, সম্মতিবিহীন কনটেন্ট ছড়িয়ে দেওয়া এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম এখন শুধু বিনোদনের জায়গা নয়, এটি সামাজিক সচেতনতা ও ইতিবাচক পরিবর্তনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আইসিটি অফিসার শরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ডের প্রতিনিধি মো. নুরুল ইসলাম এবং স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর ইয়াসিন আরাফাত।

বক্তারা বলেন, কনটেন্ট ক্রিয়েটররা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই জেন্ডার সংবেদনশীল, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক কনটেন্ট তৈরিতে আরও সচেতন হতে হবে।

সভায় ফেসবুক ও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, ডিজিটাল আচরণের নৈতিক মানদণ্ড এবং নিরাপদ কনটেন্ট তৈরির কৌশল নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন হেল্পলাইনসহ বিভিন্ন সরকারি সহায়তা সেবার তথ্য তুলে ধরা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ডিজিটাল উন্নয়ন ও টিএফজিবিভি প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলবে।

ডিবিটেক/এইচপি/ইকে