চাঁপাইনবাবগঞ্জে আমবাগান উজাড় করে চলছে পুকুর খনন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আমবাগান উজাড় করে পুকুর খননের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশের অন্যতম আম উৎপাদনকারী এ জেলায় কৃষিজমির ব্যবহার দ্রুত পরিবর্তিত হওয়ায় স্থানীয় কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি এলাকায় প্রায় ২৫ বিঘা আমবাগান উজাড় করে পুকুর খননের কাজ চলছে। স্থানীয়দের […] The post চাঁপাইনবাবগঞ্জে আমবাগান উজাড় করে চলছে পুকুর খনন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর |

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান উজাড় করে চলছে পুকুর খনন
২৮ এপ্রিল, ২০২৬ ১৬:৪৫  

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আমবাগান উজাড় করে পুকুর খননের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশের অন্যতম আম উৎপাদনকারী এ জেলায় কৃষিজমির ব্যবহার দ্রুত পরিবর্তিত হওয়ায় স্থানীয় কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হচ্ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি এলাকায় প্রায় ২৫ বিঘা আমবাগান উজাড় করে পুকুর খননের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সাবেক এক ওয়ার্ড সদস্যের নেতৃত্বে কার্যক্রম চলছে।

এ সময় আরও দেখা যায়, এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কেটে পাশের একটি খাল ভরাট করা হচ্ছে এবং সেই জায়গা প্লট আকারে বিক্রির প্রস্তুতি চলছে। এতে প্রাকৃতিক পানিপ্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ‘আমের রাজধানী’ হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, ‘এভাবে আমবাগান উজাড় করে পুকুর খননের কোনো সুযোগ নেই। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে, পরিবেশবিদ ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনাহীনভাবে কৃষিজমি ও বাগান উজাড় করে পুকুর খনন চলতে থাকলে ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়বে খাদ্য উৎপাদন, জীববৈচিত্র্য ও স্থানীয় জলবায়ুর ওপর। তাই দ্রুত এ বিষয়ে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

The post চাঁপাইনবাবগঞ্জে আমবাগান উজাড় করে চলছে পুকুর খনন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.