৫ মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখল আপিল বিভাগ

ঢাকা: জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে করা মোট পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই সিদ্ধান্ত […] The post ৫ মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখল আপিল বিভাগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarab

৫ মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখল আপিল বিভাগ
২৮ এপ্রিল, ২০২৬ ১৩:১৫  

ঢাকা: জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে করা মোট পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এই সিদ্ধান্ত দেন।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

শুনানি শেষে মোতাহার হোসেন সাজু জানান, আরও দুই মামলায় গ্রেফতার দেখানো থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না সাবেক এই প্রধান বিচারপতি।

এর আগে, গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ চার মামলায় তাকে জামিন দেন। পরে ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক মামলায়ও তিনি জামিন পান। এসব জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করলেও তা খারিজ করে দেন আপিল বিভাগ।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ মামলার বাইরে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। একই ধরনের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় পৃথক মামলা দায়ের করা হয়। এছাড়া প্লট জালিয়াতির অভিযোগে দুদকও একটি মামলা করে।

উল্লেখ্য, নিম্ন আদালতে জামিন না পেয়ে এসব মামলায় হাইকোর্টে আবেদন করেন খায়রুল হক। পরে হাইকোর্ট তার জামিন প্রশ্নে রুল জারি করে এবং পর্যায়ক্রমে পাঁচ মামলায় জামিন দেন।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান এ বি এম খায়রুল হক এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ১৭ মে অবসরে যাওয়ার পর তিনি একাধিকবার আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

The post ৫ মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখল আপিল বিভাগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.