৩০ এপ্রিলের মধ্যে আসছে আরও পৌনে ২ লাখ টন ডিজেল: তথ্য উপদেষ্টা

ঢাকা: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। বিভিন্ন তেলের পাম্পে বর্তমানে দীর্ঘ লাইন নেই […] The post ৩০ এপ্রিলের মধ্যে আসছে আরও পৌনে ২ লাখ টন ডিজেল: তথ্য উপদেষ্টা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

৩০ এপ্রিলের মধ্যে আসছে আরও পৌনে ২ লাখ টন ডিজেল: তথ্য উপদেষ্টা
২৮ এপ্রিল, ২০২৬ ১২:৩৫  

ঢাকা: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, বর্তমানে দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।

বিভিন্ন তেলের পাম্পে বর্তমানে দীর্ঘ লাইন নেই উল্লেখ করে তিনি বলেন, উদ্ভূত সাময়িক সমস্যা শিগগিরই পুরোপুরি দূর হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে কার্যকর কূটনৈতিক তৎপরতার ফলে সীমান্ত হত্যা বিগত সময়ের তুলনায় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে সরকার এই সংখ্যাকে শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর।

জনস্বাস্থ্য প্রসঙ্গে তিনি জানান, হামের প্রকোপ রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জন শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে। হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমের স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সরকারের যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানায়। তবে ভুল তথ্য ও অপতথ্য প্রচারের বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি স্পষ্ট জানান, কোনো সংবাদ মাধ্যম অপতথ্য ছড়ালে সরকার তা সহ্য করবে না।

নিরাপত্তা প্রসঙ্গে দেশে জঙ্গিবাদ ও ঝুঁকির কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে জঙ্গিদের কিছু তৎপরতা থাকায় খানিকটা ঝুঁকি তৈরি হয়েছে, তবে পরিস্থিতি জনমনে আতঙ্ক ছড়ানোর মতো পর্যায়ে যায়নি।

তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জঙ্গি বিষয়ক প্রচারণাকে অতিরঞ্জিত এবং অন্তর্বর্তী সরকারের সময়কার ‘জঙ্গি নেই’ এমন দাবিকে অসত্য বলে আখ্যায়িত করেন। বর্তমান সরকার বাস্তবতাকে স্বীকার করে এই ঝুঁকি মোকাবিলায় কাজ করছে বলে তিনি ব্রিফিংয়ে উল্লেখ করেন।

The post ৩০ এপ্রিলের মধ্যে আসছে আরও পৌনে ২ লাখ টন ডিজেল: তথ্য উপদেষ্টা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.