সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি

ঢাকা: বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশাধিকার আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সচিবালয়ে প্রবেশের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে নির্ধারিত কোটা মেনে চলতে হবে এবং দর্শনার্থীদের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২২ এপ্রিল মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তোফায়েল হোসেন সই করা এক […] The post সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি
২৮ এপ্রিল, ২০২৬ ১১:১০  

ঢাকা: বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশাধিকার আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সচিবালয়ে প্রবেশের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে নির্ধারিত কোটা মেনে চলতে হবে এবং দর্শনার্থীদের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তোফায়েল হোসেন সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই নতুন নিয়মাবলী সম্পর্কে জানানো হয়।

নতুন এই আদেশ অনুযায়ী, সচিবালয়ে প্রবেশের পাস ইস্যুর ক্ষেত্রে একটি নির্দিষ্ট ছক ও কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এই পাস ইস্যু করা যাবে না; অন্য কার্যদিবসগুলোতে নির্ধারিত সংখ্যা অনুযায়ী পাস প্রদান করা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী, একজন মন্ত্রী বা উপদেষ্টার একান্ত সচিব প্রতিদিন সর্বোচ্চ ২০টি পাস ইস্যু করার সুযোগ পাবেন। একইভাবে প্রতিমন্ত্রী বা উপদেষ্টার একান্ত সচিবের জন্য এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১৫টি।

প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও পাসের সংখ্যা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব এবং সচিবদের একান্ত সচিবগণ প্রতিদিন সর্বোচ্চ ১০টি পাস ইস্যু করতে পারবেন।

এ ছাড়া অতিরিক্ত সচিবগণ সর্বোচ্চ চারটি এবং যুগ্ম সচিবগণ সর্বোচ্চ তিনটি করে পাস ইস্যুর অনুমতি পাবেন। প্রতিটি পাসের বিপরীতে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পদ্ধতি ব্যবহার করা হবে, যা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবং পাসের অপব্যবহার রোধ করতে সহায়ক হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এই আদেশে বলা হয়েছে, সচিবালয়ের কাজের পরিবেশ রক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত কর্মকর্তাদের এই নতুন কোটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে, যার ফলে এখন থেকে সচিবালয়ে আগত দর্শনার্থীদের জন্য প্রবেশের প্রক্রিয়াটি আগের তুলনায় আরও কঠোর ও নিয়মতান্ত্রিক হবে।

The post সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ি first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.