'স্টুডেন্ট ভিসা' সহজ করতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতকে অনুরোধ

'স্টুডেন্ট ভিসা' সহজ করতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতকে অনুরোধ
১৭ এপ্রিল, ২০২৬ ২২:০৫  
যুক্তরাষ্ট্রের "বেস্ট ফিউচার জেনারেশন্স" বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের  ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের 'স্টুডেন্ট ভিসা' প্রদান প্রক্রিয়া আরো সহজতর করার অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৯ এপ্রিল, রবিবার, জাতীয় সংসদ ভবনের অফিস কক্ষে বিশেষ দূতের সাথে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ করেন মন্ত্রী। বৈঠকে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 
এ সময় বিশেষ দূত বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও বাল্যবিবাহ, শিশু নির্যাতন, পুষ্টিহীনতাসহ বিভিন্ন সমস্যা রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার এ সকল সমস্যা সমাধানে বাংলাদেশসহ সারাবিশ্বেই কাজ করে চলেছে। ভবিষ্যতেও তারা 'স্কুল মিল', শিশুদের স্বাস্থ্যসেবা সহ  অন্যান্য বিষয়ে আরো বিস্তৃতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 
শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ‌বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা, সারাদেশে 'মিড ডে মিল' চালু করণ, প্রতিটি শিশুকে ইউনিফর্ম প্রদানসহ  খেলার মাঠের ব্যবস্থা করা। ‌বর্তমান সরকারের নীতি হচ্ছে, শিক্ষার আধুনিকায়ন, কারিগরি শিক্ষার উৎকর্ষ বৃদ্ধির পাশাপাশি শিক্ষাকে আনন্দময় করে তোলা। এজন্য বিদ্যালয়গুলোতে ক্রীড়া শিক্ষক কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 
এছাড়াও, তিনি এদেশের ইংরেজি শিক্ষার উন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করারও আহ্বান জানান। মন্ত্রী বাংলাদেশের শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে  যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য  আন্তরিক ধন্যবাদ জানান। 
বৈঠকে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল সামাজিক খাত, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
বৈঠককালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো: মাসুদ রানা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো: দাউদ মিয়া, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। 
ডিবিটেক/এসএইচ/ইকে