বছরের শেষ দিকে আসছে প্লেডেট সিজন থ্রি

বছরের শেষ দিকে আসছে প্লেডেট সিজন থ্রি
১৮ এপ্রিল, ২০২৬ ২১:২৮  

খেলোয়াড় ও ভক্তদের জন্য চমক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গেম ডেভেলপার ও প্রকাশক প্রতিষ্ঠান প্যানিক ঘোষণা করেছে, প্লেডেট সিজন থ্রি আসছে চলতি বছরের শেষ দিকে। ২০২২ সালে কনসোলের সঙ্গে সিজন ওয়ান আসার পর সিজন টু আসতে সময় লেগেছিল তিন বছর। কিন্তু সিজন থ্রি এত দ্রুত আসায় খেলোয়াড়রা অবাক হয়েছেন।

প্যানিকের প্লেডেট প্রধান গ্রেগ ম্যালেটিক এক ঘোষণা ভিডিওতে জানিয়েছেন, সিজন থ্রি ‘ছুটির মরসুমে’ (অক্টোবর-ডিসেম্বর) আনা হবে। তবে কতগুলো গেম থাকবে ও মূল্য কত হবে, তা এখনো জানায়নি প্যানিক। সিজন ওয়ানে ছিল ২৪টি গেম (সপ্তাহে দুইটি করে ১২ সপ্তাহ), যার কোনো মূল্য ধরা হয়নি। সিজন টুতে গেমের সংখ্যা অর্ধেক (প্লাস ব্লিপো প্লাস) করা হলেও মান ছিল ভালো। সিজন টু-এর মূল্য ছিল ৩৯ ডলার।

প্লেডেট হলো প্যানিকের তৈরি একটি পোর্টেবল গেমিং ডিভাইস, যার বৈশিষ্ট্য হলো হলুদ রঙের বডি ও ক্র্যাঙ্ক হুইল। প্রতিটি সিজনে একেকটি করে গেমের সেট আসে। প্রথম সিজনে গেমগুলো ফ্রি দেওয়া হলেও পরবর্তী সিজনগুলোর জন্য মূল্য দিতে হয়। বাজারে প্লেডেটের সীমিত সংখ্যক ইউনিট পাওয়া যায় এবং চাহিদা বেশি থাকায় এটি সংগ্রহ করা কঠিন।

এছাড়া প্যানিক ঘোষণা করেছে, দীর্ঘ প্রতীক্ষিত গেম ‘অফিস চেয়ার কার্লিং’ এখন প্লেডেট ও স্টিমে অনলাইন ক্রস-প্লে সুবিধাসহ কিনতে পাওয়া যাচ্ছে। সিজন থ্রি আসার আগ পর্যন্ত খেলোয়াড়দের নতুন এই গেমটি হাতে পেয়ে সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: এনগ্যাজেট