কল অব ডিউটি সিনেমা মুক্তির তারিখ প্রকাশ

কল অব ডিউটি সিনেমা মুক্তির তারিখ প্রকাশ
১৯ এপ্রিল, ২০২৬ ০৯:৪২  

অবশেষে কল অব ডিউটি সিরিজের দীর্ঘ প্রতীক্ষিত চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সিরিজটির সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানানো হয়, সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৮ সালের ৩০ জুন।

গত বছর জনপ্রিয় এই ফার্স্ট-পারসন শ্যুটার গেম সিরিজটির চলচ্চিত্র রূপান্তরের ঘোষণা আসে। এর কিছুদিন পরই জানা যায়, ‘ইয়েলোস্টোন’ ও ‘ফ্রাইডে নাইট লাইটস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের খ্যাতনামা নির্মাতা টেলর শেরিডান ও পিটার বার্গ প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন। পিটার বার্গ পরিচালিত এই সিনেমার চিত্রনাট্যও লিখবেন এই দুই শিল্পী।

কিন্তু এখনও পর্যন্ত সিনেমার কাহিনি, চরিত্র বা অভিনয়শিল্পী সম্পর্কে কিছু জানা যায়নি। কল অফ ডিউটি সিরিজের কোন যুগের ঘটনা নিয়ে সিনেমাটি তৈরি হবে, সেটাও অজানা। যেহেতু ২০২৮ সালের জুনে ছবিটি মুক্তি পাবে, তাই আশা করা যায় আগামী দিনে বিস্তারিত জানানো হবে।

গেম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন জানিয়েছে, কল অফ ডিউটি সিরিজের গল্পভিত্তিক ক্যাম্পেইন মোড ও চরিত্রদের নিয়ে এই সিনেমা নির্মিত হবে। দর্শক-সমালোচকদের আশা, এই ছবি গেম অ্যাডাপ্টেশনের জগতে নতুন মান তৈরি করতে পারে। যদিও আগামী দুই বছরের বেশি সময় অপেক্ষা করতে হবে।

ডিবিটেক/বিএমটি  ।  সূত্র: এনগ্যাজেট