ইউনেট ইস্পোর্টস এরিনা ইনভিটেশনালস ২০২৬
ইউনেট ইস্পোর্টস চ্যাম্পিয়ন অ্যাসেন্ডেনস, রেড ভাইপার্স, সিএমএফ ও ইরাডিকেশন
অফলাইন গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হলো বাংলাদেশের প্রতিযোগিতামূলক ই-গেমিং টুর্নামেন্ট ইউনেট ইস্পোর্টস অ্যারেনা ইনভাইটেশনালস ২০২৬। এবারের টুর্নামেন্টে মোট ৬৪টি দলে অংশ নেন সর্বমোট ৩৮৪ জন ই-স্পোর্টস অ্যাথলেট।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ের স্মার্ট জাহির টাওয়ার অডিটোরিয়ামে ১০ এপ্রিল, শুক্রবার ৪টি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে।
চূড়ান্ত পর্বে লিগ অব লিজেন্ডস খেলায় মাইন্ড ওভার মেকানিক্স দলকে ৩-০ রাউন্ডে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাসেন্ডেনস। আর কাউন্টার স্ট্রাইক ২-তে এক রোমাঞ্চকর লড়াইয়ে বিইউইএসসি-কে ৩-২ রাউন্ডে পরাজিত করেছে রেড ভাইপার্স দাপটের সঙ্গে শিরোপা জয় করেছে।
এছাড়াও মোবাইল গেম বিভাগে এনএসইউ ডিওই-এর বিরুদ্ধে ৪-১ রাউন্ডে অনার অব কিংস শিরোপা জিতেছে সিএমএফ ইস্পোর্টস। আর কল অব ডিউটি মোবাইলে আর্কেন-কে ৩-০ রাউন্ডে হারিয়ে বিজয় অর্জন করেছে এরাডিকেশন।
“কমিউনিটির জন্য, কমিউনিটির দ্বারা” এই দর্শনে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট আয়োজিত টুর্নামেন্টের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি -এর সভাপতি জহিরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গুলশান ওয়ান এর চার্টার প্রেসিডেন্ট খালেদ ফয়সাল চৌধুরী এবং বাইডেসা-র সাধারণ সম্পাদক আগা রাফসান।
অনুষ্ঠানটি সম্পর্কে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মুহাম্মাদ আলতামিশ নাবিল বলেন, এই উদ্যোগের মাধ্যমে প্রতিভা, প্রযুক্তি এবং কর্পোরেট স্টেকহোল্ডারদের মধ্যে সংযোগ স্থাপন করে একটি স্বয়ংসম্পূর্ণ ইস্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলাই তাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আয়োজন করা এবারের টুর্নামেন্টে প্রতিটি গেমেই দলগুলো তাদের অসাধারণ দক্ষতা ও কৌশল প্রদর্শন করেছে।
সহ-প্রতিষ্ঠাতা ও সিওও মাহির আশেফ যোগ করেন, বাংলাদেশে ইস্পোর্টসের বিকাশের জন্য শুধু টুর্নামেন্ট নয়, বরং মেন্টরশিপ, অবকাঠামো এবং অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
এয়ারটেল, কোর্সেয়ার, এলগাটো, পাওয়ারপ্যাক, জাদুপিসি, বাস ইন্টারনেট এর সহযোগিতায় এবং বিভিন্ন কমিউনিটি পার্টনারদের অংশগ্রহণে আয়োজিত এই ইভেন্টটি একটি বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়, যেখানে রেফারি, কাস্টার এবং আয়োজকদের সম্মাননা জানানো হয়, যারা এই প্যাশন প্রজেক্টকে একটি পেশাদার মানের স্পোর্টিং ইভেন্টে রূপ দিয়েছেন।
ডিবিটেক/এএন/ইকে







