অবশেষে শর্টস ভিডিও পুরোপুরি বন্ধের সুবিধা আনলো ইউটিউব
ইউটিউবের শর্টস ভিডিওর বিভ্রান্তি থেকে মুক্তি পেতে চলেছেন ব্যবহারকারীরা। ইউটিউব অ্যাপের সেটিংসে এবার একটি নতুন অপশন যুক্ত হয়েছে, যেখানে আপনি শর্টস ফিডের সময়সীমা শূন্য মিনিট নির্ধারণ করতে পারবেন। ফলে আপনার ফিড থেকে ছোট ভিডিওগুলো পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে।
গত বছর অক্টোবরে ইউটিউব সর্বপ্রথম এই টাইমার ফিচার চালু করেছিল। কিন্তু তখন সর্বনিম্ন সময়সীমা ছিল ১৫ মিনিট, যা শেষ হলে একটি পপ-আপ দেখিয়ে মনে করিয়ে দেওয়া হতো যে আপনি দীর্ঘক্ষণ স্ক্রল করছেন। এখন, পিতামাতার নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীরাও এই সুবিধা পাচ্ছেন।
কীভাবে বন্ধ করবেন ইউটিউব শর্টস?
মোবাইলের ইউটিউব অ্যাপে সেটিংস পেজে গিয়ে ‘টাইম ম্যানেজমেন্ট’ অপশনে ক্লিক করুন। ‘ডেইলি লিমিটস’-এর নিচে ‘শর্টস ফিড লিমিট’ দেখতে পাবেন। সেখান থেকে আপনি শূন্য থেকে দুই ঘণ্টার মধ্যে যেকোনো সময়সীমা নির্ধারণ করতে পারবেন।
সতর্কতা
শূন্য মিনিট নির্বাচন করার পর একটি বার্তা আসবে, “স্ক্রলিং পজড, কিন্তু আপনি এখনও পৃথক শর্টস দেখতে পারেন।” অর্থাৎ ফিড থেকে শর্টস সম্পূর্ণ অদৃশ্য হতে অ্যাপটি রিফ্রেশ করতে হতে পারে। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য অ্যাপটি পুনরায় চালু করে নেওয়াই ভালো।
ইউটিউবের এই পদক্ষেপ বিশেষ করে তাদের জন্য সহায়ক হবে যারা শর্টস ভিডিওতে আসক্ত হয়ে পড়েছেন। ডুমস্ক্রলিং থেকে মুক্তি পেতে এটি একটি কার্যকর সমাধান।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট







