প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়িয়ে জলবায়ু পরিবর্তনে অবদান রাখতে চায় জর্মান

প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়িয়ে জলবায়ু পরিবর্তনে অবদান রাখতে চায় জর্মান
৭ এপ্রিল, ২০২৬ ১৮:৩০  
৭ এপ্রিল, ২০২৬ ২১:৫০  

প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়নের পথে বাংলাদেশকে আরও শক্তিশালী করতে আগ্রহী জার্মান সংসদ। ৭ এপ্রিল, মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের নেতৃত্বধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এই আগ্রহের বিষয়টি উঠে এসেছে। 

সূত্রমতে, বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, পানি পুনঃব্যবহার, সার্কুলার অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব শিল্পায়নসহ বিভিন্ন প্রযুক্তি-নির্ভর খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া জ্বালানি দক্ষতা, গ্রিন কুলিং, কার্বন নিঃসরণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে পারস্পরিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় মন্ত্রী বলেছেন, জিআইজেড (GIZ) ও কেএফডব্লিউ (KfW) ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলো জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ভবিষ্যতে জার্মানির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে “বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP)” কার্যকর বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়। জলবায়ু অর্থায়ন আহরণ, নীতিগত সংস্কার, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন এবং জ্ঞান বিনিময়ে জার্মান সরকারের সহযোগিতা প্রত্যাশা করা হয়। পাশাপাশি কার্বন মার্কেট থেকে কার্বন ক্রেডিট অর্জনের ক্ষেত্রেও জার্মানির সহায়তা কামনা করা হয়।

জার্মান প্রতিনিধিদল বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করে। বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব  ড. ফারহিনা আহমেদ এবং  অতিরিক্ত সচিববৃন্দ উপস্থিত ছিলেন।

ডিবিটেক/এমএম/ইকে