সারা দেশে উৎসবমুখর আয়োজনের সিদ্ধান্ত বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের

ডিজিটাল রূপান্তরে উদযাপিত হবে বিশ্ব পর্যটন দিবস

  • ডিজিটাল রূপান্তর ও এআই কেন্দ্রিক পর্যটন দিবস
  • লাইভ কুকিং শো ও প্রদর্শনীর আয়োজন
  • জেলা পর্যায়েও একযোগে কর্মসূচি পালনের সিদ্ধান্ত

ডিজিটাল রূপান্তরে উদযাপিত হবে বিশ্ব পর্যটন দিবস
২৩ জুলাই, ২০২৬ ১৪:৪৯  

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হতে যাচ্ছে। সারা দেশে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় দিবসটি পালন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব তথ্য জানান।

সভায় সভাপতিত্ব করেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এতে উপস্থিত ছিলেন পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার (এনডিসি) এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকার এবার বিশ্ব পর্যটন দিবসকে উৎসবমুখর করতে বদ্ধপরিকর। দেশের পর্যটন সম্ভাবনাকে বৈশ্বিক দরবারে শক্তিশালীভাবে তুলে ধরতে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিনির্ভর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে। একই সঙ্গে জেলা পর্যায়েও সমন্বিতভাবে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেন তিনি এবং এতে বেসরকারি উদ্যোক্তাদের সক্রিয় সহযোগিতা আহ্বান করেন।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্মিত প্রচারণামূলক টিভিসি প্রদর্শন করা হবে। এছাড়া বিদেশি কূটনীতিক ও অতিথিদের অংশগ্রহণে লাইভ কুকিং শো এবং রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে, যা বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনঐতিহ্যকে বিশ্বমঞ্চে নতুন পরিচয়ে উন্মোচিত করবে।
//ডিবিটেক/আরআই/ এসএমই//