ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণহানি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রাণহানি ঘটেছে। দফায় দফায় সংঘর্ষে শিমুল হোসেন কাজি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, নাতির মৃত্যুর খবর শুনে তার দাদা নাজিম উদ্দিন কাজি (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ঢাকায় অবস্থানকালে হৃদয় হোসেন নামে এক যুবক ফেসবুকে রাজনৈতিক স্ট্যাটাস দেন। এ নিয়ে বিরোধ তৈরি হয়। ঈদের দিন বাড়ি ফেরার পর উত্তেজনা বাড়তে থাকে এবং দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে নারীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর হয়।
পাল্টা হামলায় আব্দুল্লাহর মা আলিয়া বেগম, তরিকুল ইসলাম ও শরিফুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন।
পরে পূর্ব শত্রুতার জেরে হান্নান-কুবির গ্রুপ ও লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপে মধ্যে সংঘর্ষ আরও তীব্র হলে শিমুল কাজি গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে নাতির মৃত্যুর খবর শুনে দাদা নাজিম উদ্দিন কাজি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে পরিবারের দাবি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
ডিবিটেক/জেএনও/ইকে



