বহুল প্রতীক্ষিত ফিচার আনল উইন্ডোজ ১১

বহুল প্রতীক্ষিত ফিচার আনল উইন্ডোজ ১১
১৬ মার্চ, ২০২৬ ১২:১৮  

মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের প্রাথমিক সেটআপ প্রক্রিয়ায় বহুল প্রতীক্ষিত একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ইউজার ফোল্ডারের নাম নিজেদের পছন্দমতো নির্ধারণ করতে পারবেন। খবর নিওউইন।

বর্তমানে উইন্ডোজ ১১ ইনস্টল করার সময় অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর মাইক্রোসফট অ্যাকাউন্টের ইমেইল ঠিকানা বা প্রোফাইলের নাম অনুযায়ী ইউজার ফোল্ডার তৈরি করে। অনেক ব্যবহারকারীর ইমেইল ঠিকানা অস্বাভাবিক বা নাম দীর্ঘ হওয়ায় সেটআপের সময় তা কেটে যায়, যা কমান্ড-লাইন অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের জন্য অসুবিধার সৃষ্টি করে।

এই সমস্যা সমাধানে মাইক্রোসফট দীর্ঘ প্রতীক্ষিত ফিচারটি যুক্ত করছে। প্রাথমিক সেটআপের সময় ডিভাইসের নাম দেওয়ার পৃষ্ঠায় ‘শো ইউজার ফোল্ডার নেম’ অপশনে ক্লিক করে ব্যবহারকারীরা ইচ্ছেমতো নাম দিতে পারবেন। তবে নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে—শুধু অক্ষর, সংখ্যা, ড্যাশ বা আন্ডারস্কোর ব্যবহার করা যাবে।

মাইক্রোসফট জানিয়েছে, এই ফিচারটি বর্তমানে উইন্ডোজ ১১-এর ডেভ ও বেটা চ্যানেলের প্রিভিউ বিল্ডে পরীক্ষা করা হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, সেটআপ প্রক্রিয়ার সময়ই এই নাম পরিবর্তনের সুযোগ থাকবে। এই ধাপ এড়িয়ে গেলে উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে ডিফল্ট নামে ফোল্ডার তৈরি করবে।

কয়েক মাস আগে উইন্ডোজ ১১ ইউজার ফোল্ডার নাম পরিবর্তনের ফিচার পেলেও সেটি কমান্ড প্রম্পট ব্যবহার করে করতে হত। নতুন আপডেটে এই প্রক্রিয়া অনেক সহজ ও ব্যবহারকারীবান্ধব করা হলো।

ডিবিটেক/বিএমটি