শর্ত সাপেক্ষে কানাডায় টিকটক পরিচালনার অনুমতি

শর্ত সাপেক্ষে কানাডায় টিকটক পরিচালনার অনুমতি
১০ মার্চ, ২০২৬ ০৯:০৫  

দীর্ঘ আইনি লড়াইয়ের পর কানাডায় টিকটকের কার্যক্রম চালুর অনুমতি দিল দেশটির সরকার। সোমবার (৯ মার্চ) কানাডার শিল্পমন্ত্রী ফ্রঁসোয়া-ফিলিপ শঁপাইন এক বিবৃতিতে জানান, জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষে টিকটককে কানাডায় কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তবে কিছু শর্ত সাপেক্ষে। খবর রয়টার্স।

২০২৪ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে টিকটকের কানাডীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল অটোয়া। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে ফেডারেল আদালত সেই সরকারি নির্দেশ বাতিল করে এবং বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেয়। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

নতুন শর্ত অনুযায়ী, টিকটককে কানাডায় একটি ফিজিক্যাল কার্যালয় রাখতে হবে এবং দেশটির সাংস্কৃতিক খাতে বিনিয়োগ করতে হবে। পাশাপাশি কানাডীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে নতুন নিরাপত্তা গেটওয়ে এবং গোপনীয়তা বৃদ্ধিকারী প্রযুক্তি ব্যবহার, যা কানাডীয় ব্যবহারকারীর তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার রোধ করবে। নাবালক ব্যবহারকারীদের সুরক্ষায়ও বাড়তি পদক্ষেপ নিতে হবে টিকটককে।

এই শর্তগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি স্বাধীন তৃতীয় পক্ষ নিয়োগ করা হবে। টিকটক কানাডা সরকারের এই শর্ত মেনে নিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, চীন-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তা উদ্বেগের মুখোমুখি হচ্ছে। কানাডা সরকার বলছে, এই সিদ্ধান্তের মাধ্যমে কানাডীয় কর্মসংস্থান রক্ষা পাবে এবং টিকটক কানাডার সাংস্কৃতিক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করবে।

ডিবিটেক/বিএমটি