নিজস্ব চিপ উৎপাদনে নেক্সপেরিয়া চীন

নিজস্ব চিপ উৎপাদনে নেক্সপেরিয়া চীন
১০ মার্চ, ২০২৬ ১৪:০০  

চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেক্সপেরিয়ার চীনা সহায়ক সংস্থা নিজস্ব চিপ উৎপাদন শুরু করেছে। সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা এখন নেদারল্যান্ডসভিত্তিক মূল প্রতিষ্ঠানের অনুরূপ বিভিন্ন ধরনের চিপ তৈরি করছে, তবে সেগুলো তৈরিতে ১২ ইঞ্চি ওয়েফার ব্যবহার করা হচ্ছে, যা ইউরোপে তাদের ডাচ কারখানায় উৎপাদন সম্ভব নয়। খবর রয়টার্স।

এই পদক্ষেপকে নেদারল্যান্ডসের মূল প্রতিষ্ঠান থেকে আরও স্বাধীন হওয়ার পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ২০২৫ সালের অক্টোবরে ডাচ সরকার নেক্সপেরিয়ার কার্যক্রম চীনে স্থানান্তরের প্রচেষ্টা আটকাতে হস্তক্ষেপ করার পর থেকেই মূল প্রতিষ্ঠান ও চীনা সহায়ক সংস্থার মধ্যে দূরত্ব তৈরি হয়। 

এর আগে ইউরোপে ওয়েফার উৎপাদন করে চীনে সেগুলো চিপে রূপান্তরের ব্যবসায়িক মডেল ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু ডাচ সরকারের হস্তক্ষেপের পর চীনা ইউনিট নিজেদের ‘স্বাধীন’ ঘোষণা করে এবং মূল প্রতিষ্ঠান ওয়েফার সরবরাহ বন্ধ করে দেয়।

নেক্সপেরিয়া চীনের বিবৃতিতে বলা হয়েছে, তারা ১২ ইঞ্চি ওয়েফার ব্যবহার করে বাইপোলার ডিসক্রিট ডিভাইস, স্কটকি রেকটিফায়ার এবং ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ ডিভাইসের মতো পণ্য তৈরি করছে। এগুলো অপেক্ষাকৃত সরল চিপ যা নেক্সপেরিয়া আগেও তৈরি করত।

তবে ১২ ইঞ্চি ওয়েফারের উৎস সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, মূল প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ শুরু হওয়ার আগে যে শ্যাংহাইভিত্তিক ১২ ইঞ্চি ওয়েফার কারখানা (উইংস্কাইসেমি) নেক্সপেরিয়ার সঙ্গে সহযোগিতা করত, সেখান থেকেই এই ওয়েফার আসতে পারে। উইংটেকের প্রতিষ্ঠাতা ঝাং জুইঝেং এই কারখানা নিয়ন্ত্রণ করেন।

এদিকে এই ঘোষণার আগে গত সপ্তাহে নেক্সপেরিয়ার ইউরোপীয় সদর দপ্তর চীনের সব কর্মীর অফিস অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেয়, যা চীনা ইউনিটের উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ নতুন করে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সাপ্লাই চেইনে সংকট তৈরি করতে পারে এবং এর জন্য নেদারল্যান্ডসকেই সম্পূর্ণ দায় নিতে হবে।

বাজার বিশ্লেষকরা বলছেন, নেক্সপেরিয়া চীন যদি সফলভাবে নিজস্ব সাপ্লাই চেইন গড়ে তুলতে পারে, তাহলে তা ডাচ মূল প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলতে পারে। এটি ভূ-রাজনৈতিক চাপ ও নীতিগত নিয়ন্ত্রণের মুখে বিশ্ব সেমিকন্ডাক্টর শিল্পে সাপ্লাই চেইনের পুনর্বিন্যাসের একটি উদাহরণ হয়ে থাকবে।

ডিবিটেক/বিএমটি