‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বিস্তারে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য

‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বিস্তারে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য
১০ মার্চ, ২০২৬ ০৮:২৮  

শিক্ষা, বাণিজ্য এবং অ্যাভিয়েশন খাতে সহযোগিতা আরও জোরদার করতে লন্ডনে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী ক্রিস ব্রায়ান্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।  স্থানীয় সময় ৯ মার্চ, সোমবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রসার এবং বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি সবিশেষ গুরুত্ব পেয়েছে।

১০ মার্চ, মঙ্গলবার ভোরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের বিস্তার, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। 

এছাড়াও বৈঠকে উভয়পক্ষ চলতি মাসের শেষদিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

এদিকে বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন অব ডনকাস্টার ডিবিই লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্র উপদেষ্টা রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে প্রতিনিধিদল দুটি পৃথক বৈঠকও করে।

অন্যদিকে ২০২৭-২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ড্যাপো আকান্দে পররাষ্ট্র উপদেষ্টা রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতা উপস্থাপন করেন।

সাক্ষাতে উভয়পক্ষ বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম ও আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এ অংশীদারত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ডিবিটেক/এসএইচ/ইকে