দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুইটি আইফোন উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। আটক ছিনতাইকারীরা হলেন- শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।
৮ মার্চ, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন।
ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া দুইটি আইফোনই দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মোঃ মোতাহার হোসেনের বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তাভ
এর আগে ৭ মার্চ, শনিবার রাত ১১ টায় মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্ত্বর (নানক চত্ত্বর) দিয়ে হাঁটার সময় দুদক মহাপরিচালককে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে ঘেরাও করে মারধর করে কয়েকজন ছিনতাইকারী। এসময় তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুইটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা ও হাতের দামী একটি ঘড়ি ছিনিয়ে নিয়েছিলো তারা। পরে ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এতে তিনি ঘাড়ে ও চোখে মারাত্মকভাবে আঘাত পান। এই ঘটনায় মোহাম্মদপুর থানা একটি মামলা দায়ের হয়।
বর্তমানে দুদকের ওই কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি আছেন।
ডিবিটেক/এমআই/ইকে







