প্রতিবন্ধী বায়োবিৃদ্ধ শিক্ষার্থীদের রেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা মন্ত্রীর
প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে এ ছাড় কার্যকর করতে কিছুটা সময় লাগবে বলে জানান মন্ত্রী।
৩ মার্চ, মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য দেন রবিউল আলম। এসময় অনলাইনে টিকিট কাটার সময় কিভাবে এই ছাড় মিলবে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনলাইনে অপশন থাকবে, আইডি কার্ড দেখালে বয়স ৬৫ প্লাস হলে আপনি ওই ২৫ শতাংশ ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনবোর্ডেও সেখানে আইডি কার্ড শো করতে হবে। স্টুডেন্টদের আইডি কার্ড শো করতে হবে এবং যারা ডিজেবল পিপল আছেন তাদের ক্ষেত্রেও যেটা হবে, তাদের একটা কার্ড আছে মন্ত্রণালয় থেকে দেওয়া আছে।
জুলাই যোদ্ধা বা মুক্তিযোদ্ধারা এ সুবিধা পাবেন কিনা প্রশ্নের জবাে তিনি বলেন, সে বিষয়ে আজ কথা হয়নি।
ঈদের রেল সেবা বিষয়ে মন্ত্রী রবিউল আলম বললেন, ঈদে ঘরমুখো যাত্রীদের কাছে ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনারা যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি। তারা অঙ্গীকার করেছে এবং আমরা তাদের কিন্তু নজরদারিতে রেখেছি। এবং যে কোনো মূল্যে আমরা এটা প্রতিষ্ঠিত করব। ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে আশা রাখছি। সবার একইরকম সহযোগিতা থাকলে।
তবে ‘একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে, দুদিনের মধ্যে প্রায় দেড় কোটি লোকের মতো ঢাকা শহর ছাড়ে। পৃথিবীতে এরকম শহর ছাড়ার নজির নেই। ফলে একটা চাপের সৃষ্টি হয়। ইনশাল্লাহ যে প্রস্তুতি নেওয়া হয়েছে, আশা করছি একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে' - যোগ করেন রবিউল আলম।
সড়ক ও পরিবহন মন্ত্রী বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ৮৫ থেকে ৮৬টা লোকোমোটিভ ইউজ করতে পারি কি না এই ঈদে। সেটা যদি পারতে সক্ষম হই, মনে হয় শিডিউল মেইনটেইন করা সম্ভব হবে। যেহেতু যাত্রী অতিরিক্ত, সেটাও আমরা বহন করতে সক্ষম হবো বলে মনে করছি। কোনো শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ থাকবে না।'
রেলের সেবা বাড়ানোর ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেছেন, আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। সেবার মান, বর্তমানে যেসব ট্রেন চালু আছে তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে করা যায়, তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে সেগুলো আরও বেগ পাবে বাস্তবায়নের ক্ষেত্রে। নতুন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান যে অবস্থা আপনারা দেখছেন যে সেবা এবং যে সার্ভিস এখানে আছে সেটা আরও শক্তিশালী হবে, জনবান্ধব এবং মানসম্মত হবে।’
ডিবিটেক/আইএইচ/এমইউএম







