সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি ও ত্যাগে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল হাজিরা

সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি ও ত্যাগে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল হাজিরা
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০৩  

নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগের নির্দেশনা দিয়ে এবার ডিজিটাল হাজিরা এবং নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি দেওয়া বাধ্যতামূলক করলো মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম চালু করলো বিএনপি সরকার। 

২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। 

এতে বলা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ এর নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর/সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়,‌ মাঠপর্যায়ের সব অফিসের কর্মকর্তা/কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে কর্মস্থল ত্যাগ করতে হবে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি, সোমবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানাগেছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মেস্থলে অনুপস্থিতি, অফিস ত্যাগ ও বিলম্বে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী অফিস ত্যাগের নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশে বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিটের আগে এবং রমজান পরবর্তীসময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে। দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম-সচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে।
ডিবিটেক/এফআই/ইকে