নতুন বাস্তবতায় তথ্য ও সাংবাদিকের সঙ্গা নির্ধারণ করবে সরকার

নতুন বাস্তবতায় তথ্য ও সাংবাদিকের সঙ্গা নির্ধারণ করবে সরকার
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০১  

সাংবাদিক পরিবারের ৪০২ মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। 

২৩ ফেব্রুয়ারি, সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন কল্যাণ ট্রাস্টের সম্মেলন কেন্দ্রে এই চেক বিতরণ করা হয়। 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা নিজমূল কবীর, বিএফইউজে ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল্লাহ শাহীন, সাংবাদিক শাহীন হাসনাত, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ডাটা থেকে ইনফরমেশন হয়। নতুন ধারার গণমাধ্যমে ডাটা প্রসেস চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শিগগিরই তথ্যের সঙ্গা নির্ধারণ করা হবে। এর ভিত্তিতেই সাংবাদিকদের সঙ্গা ও তাদের সুযোগ সুবিধা দেয়া হবে।

তিনি আরও বলেন, জনগণেের সঙ্গে গণমাধ্যমের ভূমিকাতেই যুগে যুগে ভূমিকা রাখছে। অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের নিয়েই সরকার কাজ করবে। সাংবাদিকদের কল্যাণে শিগগিরই প্রবীণ সাংবাদিকদের ভাতা চালু করা এবং চিকিৎসা সেবা চালু করা হবে।

এসময় নিজ নির্বাচনি এলাকায় প্রেসক্লব কমপ্লেক্স তৈরি এবং সাংবাদিক কল্যাণে তহবিল গঠনে ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সাংবাদিকদের ডেটাবেজ সহ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা দিতে টাকা ছাড়ের জন্য অর্থমন্ত্রণালয়ে চিঠি দেয়ার কথা জানান তথ্য সচিব।

আর সাংবাদিকদের জন্য একটি হাসপাতাল নির্মানে ট্রাস্টের পক্ষ থেকে উদ্যোগ নিতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন শাহীন হাসনাত।

এর আগে কল্যাণ ট্রাস্টের বোর্ড সভায় নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। 
ডিবিটেক/এমএম/ইকে