১৬ ফেব্রুয়ারি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ
১৬ ফেব্রুয়ারিম সোমবার বিশ্বের আকাশে বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। তবে বাংলাদেশ থেকে এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না। বলয়গ্রাস দৃশ্যমান হবে মূলত অ্যান্টার্কটিকা থেকে, আর আংশিক গ্রহণ দেখা যাবে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অংশে।
জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, পৃথিবী, সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে এক সরলরেখায় অবস্থান করলে এবং চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝখানে এলে সূর্যগ্রহণ ঘটে। চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়ার ফলেই সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণ আড়াল হয়। অবস্থানগত তারতম্যের কারণে পূর্ণগ্রাস, আংশিকগ্রাস ও বলয়গ্রাস—এই তিন ধরনের সূর্যগ্রহণ দেখা যায়। এবারটি বলয়াকারগ্রাস, যেখানে সূর্যের মাঝখান ঢেকে গিয়ে চারপাশে আগুনের বলয়ের মতো আভা দেখা যায়।
বলয়গ্রাস সূর্যগ্রহণ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৫ ফেব্রুয়ারি, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ সালের প্রথম এই সূর্যগ্রহণটি বাংলাদেশ সময় আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে গ্রহণটি শেষ হবে।
আইএসপিআর আরও জানিয়েছে, গ্রহণটি চলাকালীন বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকবে বলে এ দেশ থেকে এটি দেখা যাবে না। তবে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি সরাসরি প্রত্যক্ষ করা যাবে।



