ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পরীক্ষায় মেটা
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করতে যাচ্ছে মেটা। সোমবার টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা বিশেষ কিছু ফিচার, উন্নত উৎপাদনশীলতা ও সৃজনশীলতার সুবিধা, পাশাপাশি বাড়তি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সক্ষমতা পাবেন। তবে মূল সেবাগুলো আগের মতোই বিনামূল্যে থাকবে।
আগামী কয়েক মাসের মধ্যে মেটা এই তিনটি প্ল্যাটফর্মে আলাদা আলাদা প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। প্রতিটি অ্যাপে সাবস্ক্রিপশনের ফিচার ভিন্ন হবে এবং একাধিক ফিচার ও প্যাকেজ নিয়ে পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সাবস্ক্রিপশন পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি অধিগ্রহণ করা কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট ‘ম্যানাস’-এর ব্যবহারও বাড়ানো হবে।
মেটা জানিয়েছে, ইনস্টাগ্রামের প্রিমিয়াম সংস্করণে ব্যবহারকারীরা সীমাহীন অডিয়েন্স তালিকা তৈরি, কে আপনাকে অনুসরণ করছে না তা দেখার সুযোগ এবং স্টোরি দেখলেও পোস্টদাতা যেন তা না জানে—এমন সুবিধা পেতে পারেন। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও তৈরির ফিচার ‘ভাইবস’-এর ক্ষেত্রেও ফ্রিমিয়াম মডেল চালুর পরিকল্পনা রয়েছে।
মেটা বলছে, নতুন সাবস্ক্রিপশনগুলো ‘মেটা ভেরিফায়েড’ থেকে আলাদা হবে এবং সাধারণ ব্যবহারকারী, নির্মাতা ও ব্যবসার প্রয়োজন বিবেচনায় এগুলো ধীরে ধীরে চালু করা হবে।
ডিবিটেক/বিএমটি







